কাপ্তাই হ্রদে বেড়াতে এসে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় ছাত্র
রাঙ্গামাটিতে বেড়াতে এসে কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে নেমে ডুবে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ইনতিশার হাসনাত (২২)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, ইনতিশার হাসনাতের বাবা বেলাল হোসেন একজন শিক্ষক। তাদের বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকার ডিএইচএস-এ।
পরিবার সূত্র জানায়, রিজার্ভ বাজার এলাকার বালুচরে নৌবিহারের একপর্যায়ে কয়েকজন পর্যটক হ্রদের পানিতে গোসল করতে নামেন। এ সময় ইনতিশার হাসনাত পানিতে ডুবে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, খবর পেয়ে ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।