মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়
এদেশে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এ এক বিরল ঘটনা, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়।’
আজ সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন সর্ব মিত্র চাকমা। তিনি বলেছেন, ‘মন্ত্রীকে আমি যতদূর চিনেছি-জেনেছি, তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত এবং স্বল্পভাষী। রাজনীতিতে যেখানে কাদা ছোড়াছুড়ি নিত্যদিনের ঘটনা, তিনি বিরোধী পক্ষকে কখনো কথার মাধ্যমে আক্রমণ করেননি।’
আরও পড়ুন: পদত্যাগ করলেন বিএনপি সরকারের মন্ত্রী দীপেন দেওয়ান
এমন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের দরকার উল্লেখ করে সর্ব মিত্র চাকমা বলেন, শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব নেয়ার পর বেশ সক্রিয় দেখেছি তাঁকে। জানি না তিনি এ সিদ্ধান্ত কেন নিয়েছেন, আভ্যন্তরীণ বিষয়ও থাকতে পারে। কিন্তু, দেশ ও পার্বত্যবাসীর কল্যাণে তাঁর এ পদে আসীন থাকা দরকার। প্রধানমন্ত্রী চাইলে তিনি নিশ্চয় না করবেন না।’
উল্লেখ্য, বিএনপি সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) ডেইলি ক্যাম্পাসকে এর সত্যতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। শারীরিক অসুস্থতার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।