ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের নিয়ে জাবি শিবিরের ‘মেজবান-ই ঈদ’
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন ‘মেজবান-ই ঈদ’ করতে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি) শাখা। মঙ্গলবার (২৬ মে) জাবি শিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম এবিষয়টি নিশ্চিত করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ঈদের দিন দুপুর ২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য থাকবে ঐতিহ্যবাহী মেজবানি ভোজ এবং পারস্পরিক ঈদ শুভেচ্ছা বিনিময়ের সুযোগ।
আয়োজকদের ভাষ্য, ঈদের সময় বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন এবং পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারেন না। তাদের জন্য ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, “ঈদের সময় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে থাকেন এবং নানা কারণে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন না। তাদের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। একই সঙ্গে এটি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সওয়াবের অংশীদার হওয়ার একটি প্রয়াস।”