২৪ মে ২০২৬, ২২:০৫

রাবিতে শব্দকলার আয়োজনে নজরুল স্মরণে আলোচনা, গান ও কবিতা পাঠ

আলোচনা, গান ও কবিতা পাঠ অনুষ্ঠান  © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থানে কাজী নজরুল ইসলাম’ শীর্ষক আলোচনা ও কবিতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘শব্দকলা রাজশাহী বিশ্ববিদ্যালয়’। আজ রবিবার (২৪ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনে এ আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন মানব মুক্তির কণ্ঠস্বর। একদিকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বজ্রকঠিন অন্যদিকে মানবিক মূল্যবোধে জারিত একজন প্রেমসিক্ত কবিপুরুষ। তাই তো ব্রিটিশবিরোধী সংগ্রামে ঝলছে উঠেছিলেন তিনি। সেই আলোয় আলোকিত হয়ে উঠেছিল পাকিস্তানের আজাদী আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন এবং চব্বিশের ছত্রিশ জুলাইয়ের গণঅভ্যুত্থানের মতো নতুন বিপ্লবের বিজয়ধ্বনি।

তারা আরও বলেন, কাজী নজরুল ইসলাম আক্ষরিক অর্থে পৃথিবী ছেড়ে চলে গেলেও মানবতার কল্যাণের সবসময় প্রাসঙ্গিক। যতদিন দুনিয়ায় বৈষম্য থাকবে ততদিন তিনি প্রাসঙ্গিক হয়ে থাকবেন।

কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে অনুষ্ঠানটি মুখরিত করেন শিল্পী শামসুল ইসলাম, জাকারিয়া জয়াস, ইমরান হাসান, ইবরাহিম প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন শব্দকলা সম্পাদক কবি ও গবেষক অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান অতিথি ছিলেন রাবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. কামাল উদ্দিন প্রধান। প্রধান আলোচক ছিলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. তাহমিনা বেগম।

সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, কবি আবদুর রাজ্জাক রিপন, কবি সোহেল করিম দীপু, কবি সেলিম আল সাঈদ, শিশু সাহিত্যিক সুফিয়া ডেইজি প্রমুখ।