নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মাসহ দেশব্যাপী হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভের ডাক ঢাবি শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের মনোবিজ্ঞান বিভাগ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী প্রার্থনা মজুমদারের মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনাসহ দেশব্যাপী হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ডেকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, বুধবার (২০ মে) রাত ১০টার দিকে রাতের খাবার শেষ করে রীতা রানী ও তার স্বামী বিধান চন্দ্র রায় আলাদা দুটি ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে বিধান চন্দ্রের ঘুম ভাঙে। একই সঙ্গে তিনি পাশের ঘর থেকে তার স্ত্রীর অস্বাভাবিক গোঙানির শব্দ শুনতে পান। দ্রুত স্ত্রীর ঘরে গিয়ে মেঝেতে রীতা রানীর গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘরের সদর দরজা খোলা দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিষয়টি জানার পরপরই আমি হল থেকে ছাত্রীকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছি। তার ভাই এসেছিলেন। একটি গাড়ি ভাড়া করে তার সঙ্গে ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।’
ঘটনার খবর হলে জানাজানি হলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় জানিয়ে তিনি বলেন, ‘হলের ছাত্রীরা সবাই নেমে এসেছিলেন। কান্নাকাটি করছিলেন অনেকে। মধ্যরাতে তখন কাউকেই পাওয়া যাচ্ছিল না। ছাত্রীরা ভাইও রুয়েটের ছাত্র ছিলেন।’
এদিকে একই দিন সকাল ১০টার দিকে রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে গলা কেটে হত্যার ঘটনায় দেশব্যাপী ক্ষোভের সৃষ্টি করেছে।