ফের দুর্ঘটনার কবলে ঢাবির লাল বাস
আবারও দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থী পরিবহনের লাল বাস। বুধবার (২০ মে) রাজধানী ঢাকার মগবাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে কিঞ্চিৎ নামের ঢাবির একটি বাস।
জানা গেছে, দুপুরের দিকের ডাউন ট্রিপে কিঞ্চিৎ বাসটি মগবাজারে একটি আকস্মিক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়। মগবাজার ফ্লাইওভারের সাথে ধাক্কা লেগে বাসের ওপরের সামনের দিকের একপাশ ভেঙে যায়। ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী ব্যথা পেয়ে আহত হন। আহতদের ফার্মেসিতে ড্রেসিং-এর জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে কয়েকজন শিক্ষার্থী।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো.রতন প্রাং দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মিটিংয়ে থাকায় আমি এ বিষয়টি নিয়ে অবগত নই, এখনই ফোন দিয়ে দেখছি।’
এর আগে গত ১৫ এপ্রিল রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিএফডিসি–সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছিল। এতে অন্তত ৫ থেকে ৬ শিক্ষার্থী আহত হয়েছিলেন।