ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্কিল জবসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’। শনিবার (১৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘স্কিল ইজ দ্য ফিউচার’। তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান প্রস্তুতি এবং শিল্পখাতের সঙ্গে বাস্তব সংযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
সম্মেলনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের সিইও, এইচআর লিডার এবং বিভিন্ন খাতের অভিজ্ঞ পেশাজীবীরা। তারা ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদা, দক্ষতাভিত্তিক পেশাজীবন, নেতৃত্ব বিকাশ এবং শিল্পখাতের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।
আয়োজনে ছিল কি-নোট সেশন, ক্যারিয়ার টক, মাস্টারক্লাস, লিডারশিপ সেশন এবং ‘মিট দ্য লিডারস’ শীর্ষক বিশেষ এইচআর প্যানেল আলোচনা। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য সিভি কালেকশন, মক ইন্টারভিউ, কর্পোরেট গেমিং, ম্যাজিক শো, নেটওয়ার্কিং ও ক্যারিয়ার গাইডেন্সের সুযোগ রাখা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে তরুণরা বাস্তব কর্মজীবনের প্রস্তুতি ও শিল্পখাতের প্রত্যাশা সম্পর্কে সরাসরি ধারণা পান।
এ সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি দক্ষ জনবল নিয়োগ এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পায়। আয়োজকরা মনে করছেন, এর মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থান ও পেশাগত যোগাযোগ বিস্তারের নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোও ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ খুঁজে নেওয়ার কার্যকর প্ল্যাটফর্ম পাবে।
প্রায় ৪০০ নির্বাচিত অংশগ্রহণকারী এ আয়োজনে অংশ নেন। তারা প্রশিক্ষণ, সনদ, পেশাজীবনভিত্তিক অভিজ্ঞতা এবং যোগাযোগ বিস্তারের সুযোগ পান।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬ শুধুমাত্র একটি আয়োজন নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণরা শিখবে, সংযুক্ত হবে এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার পথ খুঁজে পাবে।’
সংশ্লিষ্টদের মতে, ডাকসু ও স্কিল জবসের এ যৌথ উদ্যোগ দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান প্রস্তুতি এবং শিল্পখাতের সঙ্গে বাস্তব সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।