১৬ মে ২০২৬, ২৩:৩৬

জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

জাবি   © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সভাপতি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে।

‎শনিবার (১৬ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের চেষ্টার শিকার হন। এ ঘটনার দায় নিরূপণ, নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তর বা ব্যক্তির দায়ভার নির্ধারণ করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‎তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আখতার, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং দর্শন বিভাগের অধ্যাপক মো. জহির রায়হান। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উচ্চ শিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।