ঢাবির সিনেট সদস্য হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিসহ ৫ জন
গবেষণা সংস্থার প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য মনোনীত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির কাউন্সিল সদস্য অধ্যাপক মো. লুৎফর রহমানসহ ৫ জন ব্যক্তি। গত ৮ মে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের এই মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান ছাড়া বাকি মনোনীত হওয়া সিনেট সদস্যরা হলেন-বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ডা. এ কে এনামুল হক, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ২০(১) (জি) তাদেরকে সিনেট সদস্য মনোনীত করা হয়েছে বলে চিঠিতে বলা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে মোট ১০৫ জন সদস্য থাকেন, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক মনোনীত গবেষণা সংস্থার ৫ জন প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়। এবার এই ৫ জনকে মনোনয়ন দিল ঢাবি প্রশাসন।
আর্টিকেল ২০(১)(এ)(বি)(সি) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি, প্রো-ভিসি (প্রশাসন), প্রো-ভিসি (শিক্ষা) ও কোষাধ্যক্ষ— এই চারজন সিনেটের সদস্য। এছাড়া আর্টিকেল ২০(১)(ডি) অনুযায়ী সরকার কর্তৃক মনোনীত ৫ জন সরকারি কর্মকর্তা, আর্টিকেল ২০(১)(ই) অনুযায়ী স্পীকার কর্তৃক মনোনীত ৫ জন সংসদ সদস্য, আর্টিকেল ২০(১)(এফ) অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক মনোনীত ৫ জন শিক্ষাবিদ,
আর্টিকেল ২০(১)(জি) অনুযায়ী সিন্ডিকেট কর্তৃক মনোনীত গবেষণা সংস্থার ৫ জন প্রতিনিধি, আর্টিকেল ২০(১)(এইচ) অনুযায়ী একাডেমিক পরিষদ কর্তৃক মনোনীত অধিভুক্ত ওই উপাদানকল্প কলেজসমূহের ৫ জন অধ্যক্ষ, আর্টিকেল ২০(১)(আই) অনুযায়ী একাডেমিক পরিষদ কর্তৃক মনোনীত অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের ১০ জন শিক্ষক, আর্টিকেল ২০(১)(জে) অনুযায়ী ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আর্টিকেল ২০(১)(কে) অনুযায়ী রেজিস্টার্ড গ্র্যাজুয়েট কর্তৃক নির্বাচিত ২৫ জন প্রতিনিধি, আর্টিকেল ২০(১)(এল) অনুযায়ী শিক্ষক কর্তৃক নির্বাচিত ৩৫ জন শিক্ষক প্রতিনিধি এবং আর্টিকেল ২০(১)(এম) অনুযায়ী ডাকসু কর্তৃক মনোনীত ৫ জন ছাত্র প্রতিনিধি সিনেটের সদস্য হয়ে থাকেন।