মধ্যরাতে ঢাবির এক হলের ছাত্রীদের বিক্ষোভ
পানিবাহিত রোগে অসুস্থ হওয়ার ঘটনায় এবার বিক্ষোভ শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে হল থেকে সড়কে নেমে আসেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, গত দু সপ্তাহ ধরে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন হলটির বেশ কয়েকজন শিক্ষার্থী। এ নিয়ে আজ বুধবার প্রশাসনের সঙ্গে কথা বলে তারা। এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সমস্যা সমাধানে কোনো বাজেট রয়েছে কিনা— তা জানতে চান। তবে দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, হলের শিক্ষার্থীদের স্বাস্থ্য নিশ্চিতে কোনো বাজেট নেই। এর প্রতিক্রিয়ায় তারা রাস্তায় বের হয়ে এসে বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকালে হলের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ এবং পানিবাহিত রোগে অসুস্থ হওয়ার তদন্তের দাবি জানান এসব ছাত্রী।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে চলতি সপ্তাহের মাত্র তিন দিনে শতাধিক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী আক্রান্ত হওয়ায় সাধারণ ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় হল প্রাঙ্গণে একটি জরুরি মেডিকেল ক্যাম্পও স্থাপন করা হয়। গত ৯ মে রাতে হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।