বাউবির ভিসি অধ্যাপক ছিদ্দিকুর রহমানকে ঢাবিতে সংবর্ধনা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান কে এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতি।
উল্লেখ্য যে, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক।
প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শেহনাজ শবনম দীপা এর সভাপতিত্বে ও বিভাগের শিক্ষক মাহমুদুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিদের মধ্যে অধ্যাপক ড. আখতারুজ্জামান, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, বিভাগের শিক্ষকদের মধ্যে অধ্যাপক সুফিয়া আহমেদ, অধ্যাপক আয়েশা বেগম, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. মঈনুল ইসলাম, শিল্পপতি আনোয়ারুল আজিম, বাউবি ভিসির সহধর্মিণী ড. আলো আরজুমান বানুসহ অনেকেই। অনুষ্ঠানে বাউবির ভিসির হাতে ক্রেস্ট, মানপত্র ও ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে এই সম্মাননা জানানো হয়।
এসময় ঢাবির বিভিন্ন বিভাগের শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ড. ছিদ্দিকুর রহমানের দীর্ঘদিনের সহকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. ছিদ্দিকুর রহমান খান একজন দক্ষ শিক্ষাবিদ ও গবেষক হিসেবে শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়ন ও বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে তার নিয়োগ একটি মাইলফলক। তার এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের।
অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান আবেগপ্লুত কণ্ঠে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মেধা ও মননের সূতিকাগার। এখান থেকে অর্জিত জ্ঞান ও আদর্শকে ধারণ করে আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আরও গণমুখী ও প্রযুক্তিভিত্তিক করতে চাই। এই সম্মাননা আমাকে আগামী দিনে দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ড. ছিদ্দিকুর রহমানের সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান দীর্ঘ সময় ধরে শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগ পান।