রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে, র্যাগিংয়ের বিরুদ্ধে সতর্কবার্তা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস আগামী ১০ মে থেকে শুরু হতে যাচ্ছে। নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে ক্যাম্পাসে র্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবীন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতেরও আশ্বাস দেওয়া হয়েছে।
বুধবার (৬ মে ২০২৬) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান এ সতর্কবার্তা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাগিংয়ের ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয় এবং এর শিকার শিক্ষার্থীরা মারাত্মক মানসিক বিপর্যয়ের মুখে পড়ে। এ কারণে ক্যাম্পাসের কোথাও কোনো ধরনের র্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেউ র্যাগিং করলে বা কাউকে র্যাগিং করতে প্ররোচিত করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির পূর্বানুমতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি বিভাগ ও ইনস্টিটিউটের নোটিশ বোর্ড, অফিস এবং ওরিয়েন্টেশন ক্লাসে প্রচারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে।