স্বাধীন গণমাধ্যমই সরকারের জবাবদিহির প্রধান মাধ্যম: তথ্যমন্ত্রী
জনগণের কাছে দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে একটি স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা যায় এবং জবাবদিহির মধ্যে থাকা যায়, ততই একটি গণতান্ত্রিক সরকারের পথচলা সঠিক ও পরিষ্কার হয়। আর এই জবাবদিহি নিশ্চিত করার প্রধানতম মাধ্যম হলো স্বাধীন গণমাধ্যম।
সোমবার (৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)-এর ২০২৬ সালের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন তার বক্তব্যে সাংবাদিকতাকে একটি মহান পেশা হিসেবে উল্লেখ করে বলেন, সাংবাদিকতার মাধ্যমে দিনশেষে কেবল রাষ্ট্র ও জনগণই উপকৃত হয়। তিনি তরুণ সাংবাদিকদের নীতিনিষ্ঠ থেকে দেশপ্রেমের সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমের মূল প্রতিশ্রুতিই হলো মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং যুক্তির পক্ষে দাঁড়ানো। এই মূল্যবোধ থেকে বিচ্যুত হলে গণমাধ্যমের আর কোনো অস্তিত্ব থাকে না। পেশাগত চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সৃজনশীলতার সাথে তা মোকাবিলা করার জন্য তিনি নবীন সংবাদকর্মীদের পরামর্শ দেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যারা অসুবিধায় আছে তাদের জন্য স্বস্তি এবং যারা অন্যায়ভাবে সুবিধা ভোগ করে তাদের জন্য অস্বস্তি তৈরি করাই হচ্ছে সংবাদমাধ্যমের প্রকৃত কাজ। বিগত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে সংবাদকর্মীদের অভিভাবকের ন্যায় দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। একই সাথে গঠনমূলক সমালোচনা ও কুৎসার মধ্যে পার্থক্য বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
জাবিসাসের সদ্য সাবেক সভাপতি মেহেদী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মাহ আলম সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি সংগঠনের ঐতিহ্য তুলে ধরে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখা এবং সদস্যদের দক্ষতা বাড়াতে ইন-হাউস ট্রেনিংয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক, জাকসু ভিপি এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে জাকসু ভবনের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাবিসাসের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজিব রায়হান।