০৩ মে ২০২৬, ১১:৩৭

চবিতে সিনিয়রকে কাঁচি দিয়ে জখমের অভিযোগ জুনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে

কাঁচি দিয়ে আহত করার অভিযোগ  © টিডিসি ফটো

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সিনিয়র এক শিক্ষার্থীকে কাঁচি দিয়ে আহত করার অভিযোগ উঠেছে জুনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর হাত কেটে যায়। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেলে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আক্রমণের শিকার ওই শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী। 

অভিযুক্ত শিক্ষার্থী হলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবরার জাহিন লাবিব। তার বিরুদ্ধে মাদকসেবন অবস্থায় হলের একাধিক শিক্ষার্থীর সাথে খারাপ আচরণ করারও অভিযোগ রয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহিন জামানের কাছ থেকে একটি মোটরসাইকেল ক্রয় করেন অভিযুক্ত আবরার জাহিন লাবিব। তবে ওই মোটরসাইকেলের কিছু টাকা বাকি ছিল। বকেয়া টাকা পরিশোধের বিষয়টি নিয়ে কথা বলতে আজ মাহিন জামান অভিযুক্ত লাবিবের সঙ্গে দেখা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভুক্তভোগী সাজ্জাদ হোসেন।

বকেয়া টাকা পরিশোধকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত লাবিব কাপড় কাটার কাঁচি দিয়ে সাজ্জাদ হোসেনের ওপর আক্রমণ করেন। এ সময় নিজেকে রক্ষা করতে গেলে সাজ্জাদের হাতে কেটে যায়।

চবি মেডিকেলের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, এক শিক্ষার্থী হাতে কাঁচির আঘাত নিয়ে আমাদের মেডিকেলে আসে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাত ব্যান্ডেজ করে দিয়েছি। 

এ বিষয়ে বাইক বিক্রয় করা মাহিন জামান জানান, বাইকের বাকি টাকা পরিশোধের কথা ছিল। বিকেলে অভিযুক্তের বন্ধু সামির আমাকে ফোন করে হুমকি দেয় এবং জানায় গাড়ির কোনো কাগজপত্র নেই। পরে সে আমাকে টাকা ফেরত দিয়ে গাড়ি নিয়ে যেতে বলে। বিকেলে তাদের কাছে আসলে তারা অশোভন আচরণ ও গালিগালাজ করে। একপর্যায়ে অভিযুক্ত লাবিব প্রথমে আমার গায়ে হাত তোলে এবং পরে কাঁচি বের করে আমার সঙ্গে থাকা সাজ্জাদকে আঘাত করে রক্তাক্ত করে।

অভিযুক্ত আবরার জাহিন লাবিব বলেন, সিনিয়র ওই ভাইয়েরা আগে আমাকে আক্রমণ করেছে। আমি আত্মরক্ষার জন্য আগে থেকেই কাঁচি রেখেছিলাম। যাতে আক্রমণ হওয়ার আশঙ্কা থাকলে কাঁচি দিয়ে কিছু করতে পারি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, মোটরসাইকেল বিক্রির বকেয়া টাকা নিয়ে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ৯টায় সংশ্লিষ্টদের নিয়ে একটি তদন্ত কমিটি করা হবে। প্রাথমিকভাবে অভিযুক্ত লাবিবকে আগামী দুদিন হলে না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সে দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে।