ঢাবিতে বজ্রপাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবন সংলগ্ন অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঝড়-বৃষ্টির সময় এই দুর্ঘটনা ঘটে।
ওই দুই নারী শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসা তাদের বন্ধু আগলিনা জানান, ‘বিকেল ৫টার দিকে ঝড়-বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অবস্থানকালে বজ্রপাতে দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নতুন ভবনে ভর্তি করা হয়। আহত দুজনই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী।’
ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।’