ঢাবির হলের সব ফি অনলাইনে দিতে পারবেন শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলের সব ধরনের ফি এখন থেকে অনলাইনে পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা। সেবা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও সময়োপযোগী করতে কেন্দ্রীয় ভর্তি অফিসের তত্ত্বাবধানে চালু করা হয়েছে সমন্বিত সেন্ট্রাল অনলাইন হল ম্যানেজমেন্ট সিস্টেম। মঙ্গলবার (২১ এপ্রিল) অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এ ব্যবস্থার মাধ্যমে হল-সংক্রান্ত বিভিন্ন ফি অনলাইনের মাধ্যমে গ্রহণ ও ব্যবস্থাপনা করা হবে বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এতে করে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে এবং হল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি বাড়বে।
অনলাইন ভর্তি কমিটির চিঠিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে হল-সংক্রান্ত ফি অনলাইনে গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ওই ব্যবস্থার আওতায় নতুন অনলাইন সেবা সংযোজন করা হয়েছে। আন্ডারগ্র্যাজুয়েট ( অনার্স) প্রোগ্রামের প্রথম বর্ষের হল উন্নয়ন ফি সেন্ট্রাল অনলাইন সেবা ব্যবস্থার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে শেখ মুজিবুর রহমান হলের ফিসমূহও অনলাইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে শেখ মুজিবুর রহমান হলের হাউজ টিউটর ড. মো খোরশেদ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘যখন ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশের স্লোগান শুনতাম, তখন অবশ্যই সেগুলোকে প্রকৃত অর্থে কাজের রূপান্তরের জন্য বিশ্ববিদ্যালয়ের সব প্রক্রিয়াগ ধীরে ধীরে ডিজিটাল করা দরকার ছিল। আমি মনে করি, পুরোনো ম্যানুয়াল সিস্টেম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ নিয়েছে, সেটাকে আমি সাধুবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘অনলাইন প্রেমেন্ট বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে সহজে ফি পরিশোধ করতে পারবে এবং হল প্রশাসন সংশ্লিষ্ট আবেদনসমূহ যথাযথভাবে অনলাইনে যাচাই ও অনুমোদন প্রদান করতে সক্ষম হবে এবং আগের পে-ইন-স্লিপনির্ভর ব্যাংকিং পদ্ধতির প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর সব প্রক্রিয়া ধীরে ধীরে ডিজিটাল হওয়া দরকার। তাতে ভোগান্তি কমবে, কাজগুলো দ্রুততর হবে ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো এই প্রক্রিয়া অনুসরণ করতে পারে।
অনলাইন সেবা গ্রহণের পদ্ধতি
১. শিক্ষার্থীদের ফি প্রদান:
শিক্ষার্থীরা student.eis.du.ac.bd পোর্টালে লগইন করে 'অনলাইন সার্ভিস (হল)' মেনু থেকে প্রয়োজনীয় সেবার ফি অনলাইনে পরিশোধ করতে পারবে।
২. হল প্রশাসন কর্তৃক যাচাই ও অনুমোদন
হল প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ academic.eis.du.ac.bd পোর্টালে লগইন করে শিক্ষার্থীদের আবেদন ও পেমেন্ট সংক্রান্ত তথ্য যাচাই (Check) করবেন এবং সঠিক হলে সংশ্লিষ্ট সেবা অনুমোদন (Approve) প্রদান করবেন।
৩. সেবা নিশ্চিতকরণ ও রশিদ সংগ্রহ
হল কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনের পর শিক্ষার্থীরা পুনরায় স্টুডেন্ট পোর্টালে লগইন করে আবেদনটির বর্তমান অবস্থা অবহিত হতে পারবে এবং প্রয়োজনীয় রশিদ সংগ্রহ করতে পারবে।