১৩ এপ্রিল ২০২৬, ২০:১৩

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ  © সৌজন্যে প্রাপ্ত

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা কার্ড ও ঐতিহ্যবাহী দেশীয় খাবার মুরালি ও বাতাসা বিতরণ করেছেন শাখা ছাত্রদলের এক নেতা। সোমবার (১৩ এপ্রিল) শিক্ষার্থীদের রুমে গিয়ে অগ্রিম এই শুভেচ্ছা উপহার পৌঁছে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আকাশ। এসময় তার সঙ্গে হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা নববর্ষের শুভেচ্ছা ভাগাভাগি করে নিতে শিক্ষার্থীদের একটি করে প্যাকেট উপহার দেন আকাশ। এতে বাঙালি ঐতিহ্যের মুরালি, বাতাসা ও খই ছিল। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের একটি শুভেচ্ছা কার্ডও দেন।

হলের শিক্ষার্থীরা ছাত্রদলের এই সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেক শিক্ষার্থীর মতে, ছাত্র রাজনীতির চেনা ছকের বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার এই প্রচেষ্টা ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতির চর্চাকে আরও বেগবান করবে।

এ কর্মসূচির আয়োজক ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আকাশ বলেন, পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। আমরা চেয়েছি বাঙালি ঐতিহ্যবাহী খাবারগুলোর স্বাদ এবং নববর্ষের শুভেচ্ছা সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে। শেখ মুজিবুর রহমান হলে এর আগে এভাবে কেউ ঐতিহ্যের ছোঁয়ায় শিক্ষার্থীদের শুভেচ্ছা জানায়নি। তাই আমি এই উদ্যোগটি গ্রহণ করেছি।

তিনি আরও জানান, কেবল রাজনীতি নয়-শিক্ষার্থীদের যেকোনো সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় পাশে থাকবে।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ‘ঈদ কার্ড’ ও ‘সীড প্যাকেট’ বিতরণ করেন শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আকাশ।