১৬ মার্চ ২০২৬, ১৬:২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি সর্বশেষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন  শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আরও পড়ুন: ইউজিসি চেয়ারম্যানসহ বদলে গেল ঢাবি-রাবি-চবি-কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর বর্তমান সভাপতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবেও নেতৃত্ব দেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাগেরহাট-৪ আসনে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্তিতে তিনি আলোচনায় ছিলেন।