১৬ মার্চ ২০২৬, ১১:৩০

বুয়েট ছাত্র নিবিড়ের তিন বছর আগের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করা পোস্ট ভাইরাল

আসিফ আসমাত নিবিড়  © সংগৃহীত

দীর্ঘদিন ক্যান্সারে ভুগে গত শুক্রবার (১৩ মার্চ) বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২১তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী আসিফ আসমাত নিবিড় না ফেরার দেশে পাড়ি জমান। তার মৃত্যুর পর তিন বছর আগের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়। ওই পোস্টে নিবিড় উল্লেখ করেন, তার খাদ্যাভ্যাসের কারণে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে।

২০২৩ সালের ৫ মার্চ সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে নিবিড় লেখেন, ‘ক্লাস থাকলে অধিকাংশ সময় যে বাটারবান দিয়ে ব্রেকফাস্ট সারি, তাতে কার্সিনোজেনিক কেমিক্যাল থাকে। দুপুরে আর রাতে ভাতের সাথে মুরগি খাই যাতে মানবশরীরের সহনীয় পর্যায়ের আড়াইগুণ সীসা (কার্সিনোজেন) আছে। বিকালে ডিপ ফ্রাইড যেসব ছাইপাস খাই তাতে থাকে ট্রান্স ফ্যাট। 

তিনি আরও বলেন, ‘সারাদিনের ক্যালোরি ইনপুটের ২% ট্রান্স ফ্যাট থেকে আসলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে ২৩%।’

শেষে তিনি বলেন, ‘এরপর যখন কেউ জিজ্ঞেস করে, ‘২০ বছর পর তুমি নিজেকে কোথায় দেখ?’ আমি মনে মনে বলি, ‘কবরে’।’

পোস্টটিতে নিবিড়ের করা ভবিষ্যদ্বাণী যেন বাস্তবে মিলেছে। তার তিন বছর পরই ক্যান্সারের আক্রান্ত হয়ে মারা যান তিনি।

আসিফ আসমাত নিবিড়ের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। তিনি চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া ‍জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ও চুয়াডাঙ্গা সরকারি কলেজে অধ্যয়নের পর প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে বুয়েটে ভর্তি হয়েছিলেন। নিবিড় লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন, করতেন অনুবাদও।

বুয়েটের একাধিক সূত্র জানিয়েছে, নিবিড় দীর্ঘদিন ধরে Metastatic Adenocarcinoma নামক জটিল ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত কয়েক মাস ধরে তার চিকিৎসার জন্য অসংখ্য মানুষ এগিয়ে এসেছিলেন। দেশ-বিদেশের অনেকেই দোয়া ও আর্থিক সহায়তার মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। কিন্তু সকল প্রচেষ্টার পরেও সম্ভাব্য এক প্রকৌশলীকে হারাল দেশ।

প্রতিষ্ঠানটির ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা এক শোকবার্তায় বলেন, দীর্ঘদিন ক্যান্সারের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে ধৈর্য ও সংগ্রামের পর তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের পথে পাড়ি জমিয়েছেন। নিঃসন্দেহে প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আল্লাহর কাছেই আমাদের প্রত্যাবর্তন।

তারা বলেন, বুয়েট ব্যাচ ২৪-এর পক্ষ থেকে তার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আমরা মহান আল্লাহ তা‘আলার দরবারে দোয়া করি- আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে দেন, তার কষ্টগুলোকে গুনাহের কাফফারা হিসেবে কবুল করেন, কবরকে প্রশস্ত ও নূরানী করে দেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ তাঁর পরিবার ও প্রিয়জনদের এই শোক ধৈর্যের সাথে বহন করার তাওফিক দান করুন। সকলের কাছে মরহুমের জন্য আন্তরিক দোয়ার আবেদন রইল।