২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৮

২৮ ফেব্রুয়ারির ‘সকল শহীদদের’ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি সাদিক কায়েমের

আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনী  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইসলামী ছাত্রশিবিরের  'আল্লামা সাইদীর রায়: ন্যায়ভ্রষ্ট বিচার, গণহত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাস শীর্ষক আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনী'-তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু)র ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘‘নতুন সরকারের কাছে আমাদের দাবি থাকবে ২৮ ফেব্রুয়ারির সকল শহীদদেরকে যেন রাষ্ট্রীয় সম্মাননা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। একই সাথে এই সকল শহীদদের এবং আহতদের রাষ্ট্রের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।’’

আজ শনিবার (২৮ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢাবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এসময় ডাকসুর ভিপি সাদিক কায়েম ‘২৮ ফেব্রুয়ারির সকল শহীদ এবং আহতদের’ রাষ্ট্রের পক্ষ থেকে পুনর্বাসনের পাশাপাশি গণহত্যার সাথে জড়িত ‘শেখ হাসিনা ও তার দোষরদের’ বিচারের দাবি জানান।

তিনি আরও বলেন, ‘‘আমাদের প্রত্যাশা থাকবে নতুন সরকার একটি স্বাধীন কমিশন গঠন করবে। ওই সময়ের জাতীয় নেতৃবৃন্দদের বিরুদ্ধে বিভিন্নভাবে অপবাদ দিয়ে বিচারের নামে অবিচার করা হয়েছে। একজনের বিচার অন্যজনের ওপর দায় দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিগত সময়ে যে রায়গুলো হয়েছে সে রায়গুলো আবার হওয়া দরকার। এবং আমাদের আল্লামা সাঈদী হুজুরকে সর্বশেষ মেডিকেল কিলিং-এর মাধ্যমে  হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে যেন এই স্বাধীন বাংলাদেশ বিচারের আওতা নিয়ে আসা  হয়।  আমাদের ছাত্র সমাজের ও আমাদের সবার গণদাবি।’’

সাদিক কায়েম বলেন, ‘‘আমরা আশা করব, নতুন সরকার গণহত্যার বিচার এবং শহীদদের স্বীকৃতি, আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসনে কাজ করবে এবং একটি স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে এই বিচার প্রক্রিয়া সুস্থভাবে বাস্তবায়ন করার জন্য কাজ করবে।’’

তিনি আরও বলেন,  ‘‘একই সাথে আল্লামা সাঈদী হুজুর আমাদেরকে যে আজাদীর লড়াই শিখিয়ে গেছেন, যে ইনসাফের লড়াই আমাদেরকে শিখিয়েছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তিনি যেভাবে প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন, সেই লড়াই সংগ্রাম আমাদের জারি রাখতে হবে।’’

আলোচনা সভায় দেলাওয়ার হোসেন সাঈদীর সন্তান পিরোজপুর-১ আসনের এমপি মসুদ সাঈদী, ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার মীর আহাম্মেদ বিন  কাসেম, পাবনা-২ আসনের এমপি নজিবুর রহমান  মোমেন, রংপুর-৬ আসনের এমপি মো নুরুল আমিন, রংপুর-২ আসনের এমপি মো রায়হান সিরাজী উপস্থিত ছিলেন। এছাড়াও ডাকসুর জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান,  ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।