২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২

অরক্ষিত জাবির মনপুরা, বেড়েছে মাদকসেবীদের আড্ডা 

অরক্ষিত মনপুরা এলাকা  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনপুরা এলাকা বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে এলাকাটিতে বহিরাগতদের অবাধ বিচরণ এবং মাদকসেবীদের আনাগোনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার (ডব্লিউআরসি) এবং সংলগ্ন গেরুয়া এলাকার পাশের মনপুরা অঞ্চলে নেই কোনো দৃশ্যমান নিরাপত্তা টহল বা নিয়ন্ত্রণ ব্যবস্থা। নির্জনতা ও নজরদারির অভাবকে কাজে লাগিয়ে প্রতিদিনই সেখানে জড়ো হচ্ছেন বহিরাগত ও মাদকসেবীরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের পাশাপাশি সন্ধ্যা ও রাতের সময় এই প্রবণতা আরও বেড়ে যায়। নিয়মিত মাদকসেবীদের উপস্থিতির ফলে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। বিশেষ করে জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল। একই সঙ্গে বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ শিক্ষার্থীদের জন্য সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী সিয়াম বলেন, মনপুরা এলাকা আগে অনেক শান্ত ও প্রাকৃতিক ছিল। কিন্তু এখন প্রায় প্রতিদিনই সেখানে বহিরাগতদের আড্ডা ও মাদকসেবনের ঘটনা দেখা যায়। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি জীববৈচিত্র্যপূর্ণ এলাকায় এমন অবস্থা খুবই উদ্‌বেগজনক। প্রশাসনের উচিত দ্রুত নিরাপত্তা জোরদার করা এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্টার এ বি এম আজিজুর রহমান বলেন, মনপুরা এলাকায় সবসময় নিরাপত্তাকর্মী অবস্থান করেন না; তারা নিয়মিতভাবে টহল দেন। বহিরাগত ও মাদকসেবীদের বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। কীভাবে নিরাপত্তা আরও জোরদার করা যায়, সে বিষয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে।

বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাকৃতিক ও সংরক্ষিত এলাকা হিসেবে পরিচিত মনপুরার বর্তমান অরক্ষিত অবস্থা শিক্ষার্থী, শিক্ষক এবং পরিবেশ সচেতন সকলের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, নিয়মিত টহল বৃদ্ধি এবং বহিরাগতদের নিয়ন্ত্রণের মাধ্যমে এই এলাকার স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।