নরসিংদীতে ধর্ষণের ঘটনায় ডাকসুর বিক্ষোভ কর্মসূচি
নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ডাকসুর ভিপি সাদিক কায়েম এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান, নরসিংদীসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবিতে ডাকসু এ বিক্ষোভ মিছিল আয়োজন করছে। ঘোষণা অনুযায়ী, শুক্রবার বাদ জুমা (দুপুর ১টা ৩০ মিনিট) সেন্ট্রাল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে কর্মসূচি শুরু হবে।
এর আগে নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনা বেগম (১৫)কে ধর্ষণের পর হত্যার ঘটনায় শালিস করা সাবেক মেম্বার আব্দুল্লাহসহ তিনজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি নূরা এখনও পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের স্থায়ী বাসিন্দা আমেনা বেগম মাধবদীর হোসেন বাজার বিলপাড় এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। পরিবারের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে ছয় যুবক তাকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় সাবেক মেম্বার আব্দুল্লাহর কাছে শালিসে দেওয়া হলে তিনি মীমাংসার আশ্বাস দেন। কিন্তু গত ১৫ দিনেও সঠিক বিচার করা হয়নি, অভিযোগ আছে মেম্বার আসামিদের থেকে টাকা নিয়ে বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিল।
এরই মধ্যে গতকাল রাতে বাবার সামনে থেকে কিশোরী আমেনাকো তুলে নেওয়ার অভিযোগ ওঠে। রাতে পরিবারের খোঁজাখুঁজির পর সকালে একটি সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।