বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে প্রেস ব্রিফিংয়ে আসছে ইউজিসি
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ ও এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আগামীকাল সোমবার (৯ নভেম্বর) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে একটি সভা আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় কমিশনের সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেবেন। সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ সভায় আলোচিত বিষয়, ভর্তি পরীক্ষা গ্রহণের পরিকল্পনা এবং এ-সংক্রান্ত সিদ্ধান্ত ও পরবর্তী করণীয় বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করবেন।
জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় উচ্চশিক্ষার ভর্তি কার্যক্রম নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোকে। এরই মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সিদ্ধান্তের পর মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়েও আলোচনা হয়েছে।
এ অবস্থায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রমের সার্বিক বিষয় চূড়ান্ত করতে আগামীকাল বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছে ইউজিসি। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিও উপস্থিত থাকার কথা রয়েছে।