মূল ভবনে থাকছে না জনসংযোগ বিভাগ, যাচ্ছে আরও দুটি
রাজধানীর আগারগাঁওয়ের বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে স্থানান্তরিত হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিনটি বিভাগ। ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, স্ট্র্যাটেজিক প্লানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স (এসপিকিউ) বিভাগ এবং অডিট বিভাগ নতুন ভবনে স্থানান্তর করা হচ্ছে। আগামীকাল (৪ অক্টোবর) এ কার্যক্রমের উদ্বোধনে কথাও রয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) ইউজিসির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছে।
ইউজিসি সূত্রে জানা যায় , নতুন ভবনে তিনটি বিভাগ স্থানান্তরের জন্য এরই মধ্যে একটি অফিস আদেশ হয়েছে। তবে উদ্বোধনের পরপরই সব ধরনের কার্যক্রম পুরোপুরি শুরু করা সম্ভব নাও হতে পারে। অফিসের প্রয়োজনীয় প্রস্তুতি, ফার্নিচারসহ অন্যান্য কাজ সম্পন্ন করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।
এ বিষয়ে ইউজিসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মূল ভবনে পর্যাপ্ত জায়গার সংকট রয়েছে। দীর্ঘদিন ধরেই প্রক্রিয়াটি চলছিল।
তিনি আরও বলেন, মূলত অ্যাকোমোডেশনটাই এখানে গুরুত্বপূর্ণ বিষয়। পর্যাপ্ত অ্যাকোমোডেশনের ব্যবস্থা না থাকার বিষয়টা বিবেচনায় নিয়েই কর্তৃপক্ষ স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।
ইউজিসির ওই কর্মকর্তা জানান, এতদিন আশপাশে জায়গাও পাওয়া যাচ্ছিল না। এখন আগারগাঁওয়ে অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সেই নেওয়া হবে তিনটি বিভাগ। বর্তমানে বিভাগগুলোতে স্থানান্তর কার্যক্রম চলছে এবং ফার্নিচারসহ প্রয়োজনীয় সামগ্রী সরানোর কাজও চলছে।
নতুন ভবনে কবে থেকে বিভাগগুলোর কার্যক্রম পুরোপুরি শুরু হবে এ বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, একটা অর্ডার হয়েছে। মোটামুটিভাবে কালকেই (৪ অক্টোবর) যাওয়ার কথা। কিন্তু এখনো যে অবস্থা, সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হতে কয়েকদিন সময় লাগবে।