২৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩৮

ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি

ইউজিসি লোগো  © টিডিসি সম্পাদিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক পরিচ্ছন্নতাকর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকালে ইউজিসি ভবনে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন ওই কর্মচারী। এ সময় এক কর্মকর্তা তাকে স্লোগান দিতে দেখে ফেললে তিনি স্লোগান থামিয়ে সেখান থেকে চলে যান। ঘটনাটি জানাজানি হলে দিনভর ইউজিসি ভবনে এ নিয়ে আলোচনা হয়। পরে কর্তৃপক্ষ ওই কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেয়।

নাম প্রকাশ না করার শর্তে ইউজিসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘যিনি স্লোগান দিয়েছেন, তার নাম সানাউল্লাহ। তিনি একজন পরিচ্ছন্নতাকর্মী। তাকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। সকালে এ ঘটনার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’

এদিকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে সোমবার সকালে ইউজিসিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউজিসি ভবনের ভেতরে স্লোগান দেওয়ার বিষয়টি জানতে পেরে সভায় উপস্থিত উপাচার্যরাও এ নিয়ে সমালোচনা করেছেন বলে জানা গেছে। 

ইউজিসি সূত্র জানায়, সানাউল্লাহ নামে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া এক কর্মচারী সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ইউজিসি ভবনের চতুর্থ তলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে এলে নিরাপত্তা কর্মকর্তাকে ডেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়। 

ইউজিসি জানায়, সানাউল্লাহ নামের এক আউটসোর্সিং কর্মচারী ফাঁকা পেয়ে এমন স্লোগান দিয়েছে। তিনি ইউজিসির নিয়মিত কর্মচারী নন। একটি আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে তিনি কমিশনে কাজ করেন। তাকে আজকেই বরখাস্ত করা হয়েছে।