১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭

২৪ বিশ্ববিদ্যালয়ে ১১৮ খাতে অনিয়ম, সরকারের ক্ষতি ২ হাজার ৩১ কোটি টাকা

২৪ বিশ্ববিদ্যালয়ের অনিয়ম  © টিডিসি সম্পাদিত

বিধিবহির্ভূতভাবে অবসর গ্রহণের বয়স ৫৯ বছরের অধিক গণনা করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত বেতন-ভাতা ও ছুটি নগদায়ন সুবিধা দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ২১ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ১৪ টাকা। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বসবাস করা সত্ত্বেও শিক্ষক ও কর্মকর্তাদের বেতন-বিল হতে নির্ধারিত হার অপেক্ষা কম হারে বাড়ি ভাড়া ভাতা কর্তন করায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি হয়েছে ২০ কোটি ৪২ লাখ ১৭ হাজার ২৯১ টাকা।

২০২৪-২০২৫ অর্থ বছরে এমন মোট ১১৮ ক্ষেত্রে অনিয়ম চিহ্নিত হয়েছে দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এসব অনিয়মের ফলে র ২ হাজার ৩১ কোটি ৯২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সম্প্রতি প্রকাশিত শিক্ষা অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে এমন অনিয়মের চিত্র সামনে এসেছে।

নিরীক্ষা করা ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় হলো—ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য (পাবলিক ইউনিভার্সিটি) অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এটা আমাদের দায়িত্ব নেওয়ার আগের ঘটনা। বিগত সময়ে যে অনিয়মগুলো হয়েছে সেই অনিয়মের ধারাবাহিকতায় এগুলো হয়ে থাকতে পারে। অনিয়মগুলো অবশ্যই খতিয়ে দেখা হবে। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষা অডিট অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য বলছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে পেনশনযোগ্য চাকরিকাল পূর্ণ না হওয়া সত্ত্বেও স্বেচ্ছায় অবসরগ্রহণকারী শিক্ষক এবং কর্মচারীগণকে ছুটি নগদায়ন আনুতোষিক ও মাসিক পেনশন সুবিধা পরিশোধ করা হয়েছে। এতে ১ কোটি ৫২ লাখ ১ হাজার ৫৯৫ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

শিক্ষা ছুটি শেষে শিক্ষকগণ বিশ্ববিদ্যালয়ে যোগদান না করা সত্ত্বেও ছুটিকালীন পরিশোধিত বেতন-ভাতা আদায় না করায় বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ক্ষতি হয়েছে ২৫ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার ৫৭৯ টাকা;  প্রাপ্য হার অপেক্ষা অতিরিক্ত হারে বাড়ি ভাড়া ভাতা প্রদান করায় আর্থিক ক্ষতি হয়েছে ১৪ কোটি ৬২ লাখ ৮৪ হাজার ৫৫৬ টাকা।

‘এটা আমাদের দায়িত্ব নেওয়ার আগের ঘটনা। বিগত সময়ে যে অনিয়মগুলো হয়েছে সেই অনিয়মের ধারাবাহিকতায় এগুলো হয়ে থাকতে পারে। অনিয়মগুলো অবশ্যই খতিয়ে দেখা হবে। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’— অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, সদস্য, ইউজিসি

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরবরাহকারী/ঠিকাদারি/পরামর্শক প্রতিষ্ঠানের বিল হতে নির্ধারিত হারে উৎসে আয়কর কর্তন না করায় এবং কম কর্তন করায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ১ কোটি ২১ লাখ ১৯ হাজার ৩৯৪ টাকা;  বিশ্ববিদ্যালয়গুলোর দোকান ও স্থাপনা ভাড়া এবং বিভিন্ন সরবরাহকারীর বিল হতে নির্ধারিত হারে ভ্যাট কর্তন না করায় এবং কম কর্তন করায় সরকারের রাজস্ব ক্ষতি ৮২ লাখ ১৯ হাজার ৫৫৪ টাকা।

প্রকল্পের ঠিকাদারি বিল হতে কর্তনকৃত জামানতের উপর অর্জিত সুদ সরকারি কোষাগারে জমা না করায় সরকারের আর্থিক ক্ষতি ৬ কোটি ৮১ লাখ ৯২ হাজার ৩২৫ টাকা; বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা/কর্মচারীদের চাকরি শেষ হওয়ার পরেও সেশন বেনিফিটের নামে অতিরিক্ত সময় চাকরির বেতন ও ভাতাদি পরিশোধ করায় আর্থিক ক্ষতি হয়েছে ১ কোটি ২ হাজার ৩৪৭ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নিয়োগ প্রদানপূর্বক বেতন-ভাতা পরিশোধ করায় আর্থিক ক্ষতি ৩ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৮৬৪ টাকা; বিধিবহির্ভূতভাবে উচ্চতর গ্রেডে পদোন্নতি এবং আপগ্রেডেশন প্রদানপূর্বক অতিরিক্ত বেতন-ভাতাদি পরিশোধ করায় আর্থিক ক্ষতি ৩ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ৮১৯ টাকা।

বিধিবহির্ভূতভাবে অর্গানোগ্রাম বহির্ভূত/অতিরিক্ত পদে নিয়োগ প্রদানপূর্বক বেতনভাতা পরিশোধ করায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি ৪৬ লাখ ৫০ হাজার ৪৪৭ টাকা; প্রাপ্য না হওয়া সত্ত্বেও শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি/পর্যায়োন্নয়ন ও প্রথম যোগদান জন্য অতিরিক্ত ইনক্রিমেন্ট এবং শিক্ষাছুটিতে থাকা অবস্থায় অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদান করায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি হয়েছে ১ কোটি ৯০ লাখ ১১ হাজার ৩৮৬ টাকা।

বিধিবহির্ভূতভাবে অর্গানোগ্রাম বহির্ভূত পদে পদোন্নতি প্রদানপূর্বক বেতনভাতা পরিশোধ করায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি ৪৭ কোটি ৩৭ লাখ ৬৪ হাজার ৫৩৮ টাকা; প্রাপ্যতা না থাকা সত্ত্বেও বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন ভাতা প্রদান করায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি ৪ কোটি ৭০ লাখ ৪৪ হাজার ৫০ টাকা।

ইউজিসির নির্দেশনা লঙ্ঘন করে আবাসিক কোয়ার্টারে ব্যবহৃত বিদ্যুৎ গ্যাস ও পানির বিলে ভর্তুকি প্রদান করায় আর্থিক ক্ষতি ১ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার ৫৭৫ টাকা; প্রাপ্য না হওয়া সত্ত্বেও শিক্ষক ও কর্মকর্তাদের মোবাইল ভাতা প্রদান করায় আর্থিক ক্ষতি ১ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার ৮৮৮ টাকা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের প্রাপ্যতার অতিরিক্ত টেলিফোন নগদায়ন ভাতা প্রদান করায় সরকারের আর্থিক ক্ষতি ১ কোটি ৮৪ লাখ ৯৩ হাজার ৫৬৮ টাকা; বিধিবহির্ভূতভাবে শিক্ষকগণকে প্রাপ্যতার অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রদান করায় আর্থিক ক্ষতি ১০ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৮৫৪ টাকা।

ইউজিসির নির্দেশনা লঙ্ঘন করে আবাসিক কোয়ার্টারে ব্যবহৃত বিদ্যুৎ গ্যাস ও পানির বিলে ভর্তুকি প্রদান করায় আর্থিক ক্ষতি ১ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার ৫৭৫ টাকা; প্রাপ্য না হওয়া সত্ত্বেও শিক্ষক ও কর্মকর্তাদের মোবাইল ভাতা প্রদান করায় আর্থিক ক্ষতি ১ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার ৮৮৮ টাকা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণকে বিধিবহির্ভূতভাবে প্রাপ্যতার অতিরিক্ত বই ভাতা প্রদান করায় আর্থিক ক্ষতি ১ কোটি ৯৭ লাখ ৪০ হাজার ৫৭৭ টাকা; বিধিবহির্ভূতভাবে গবেষণা ভাতা প্রদান করায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি ৫ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ৯৮৭ টাকা।

প্রাপ্য না হওয়া সত্ত্বেও শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীগণকে বিভিন্ন ভাতা প্রদান করায় আর্থিক ক্ষতি ৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৮ টাকা; নিরীক্ষাযোগ্য রেকর্ডপত্র নিরীক্ষায় উপস্থাপন করা হয়নি। এ রেকর্ড অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর মোট ব্যয় ৪৩ কোটি ৮২ লাখ ৩৭ হাজার ৫৫৬ টাকা।

বিধিবহির্ভূতভাবে অন-ক্যাম্পাস শিখন কার্যক্রমের আওতায় শিক্ষক নিয়োগ করে বেতন ভাতা পরিশোধ করায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি ২ কোটি ১২ লাখ ৪ হাজার ৭৯২ টাকা; বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তি ফরম বিক্রি এবং ভর্তি ফি বাবদ অর্জিত অর্থ বিশ্ববিদ্যালয়ের বাজেটে প্রদর্শন না করায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি ১২ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার ১৪৬ টাকা।

বীমা প্রিমিয়ামের উপর ভ্যাট কর্তন না করায় সরকারের রাজস্ব ক্ষতি ১ কোটি ১৬ লাখ ২২ হাজার ২২১ টাকা; প্রাপ্য না হওয়া সত্ত্বেও বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীগণকে অধিকাল ভাতা প্রদান করায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি ৩৩ কোটি ৭৮ লাখ ৬৩ হাজার ৫৩৪ টাকা।

অন্য খবর: স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের, ভিসায় ট্রাম্পের কড়াকড়ি আটকে গেল আদালতে

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উৎস হতে প্রাপ্ত আয় বাজেটে প্রদর্শন না করায় সরকারের আর্থিক ক্ষতি ৪৪ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ১৬৫ টাকা; সম্মানী হতে উৎসে আয়কর কর্তন না করায় সরকারের আর্থিক ক্ষতি ৩ কোটি ১২ লাখ ৩ হাজার ৫৬৭ টাকা।

চুক্তি অনুযায়ী কাজ সমাপ্ত না করা সত্ত্বেও পারফরমেন্স সিকিউরিটি বাজেয়াপ্ত না করায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি ৫ কোটি ৭৯ লাখ ১১ হাজার ৩২৩ টাকা; চুক্তিমূল্য অপেক্ষা ঠিকাদারগণকে অতিরিক্ত বিল পরিশোধ করায় সরকারের আর্থিক ক্ষতি ৩ কোটি ৯ লাখ ৫০ হাজার ৬২০ টাকা; চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ সমাপ্ত না করা সত্ত্বেও বিলম্ব জরিমানা আদায় না করায় সরকারের আর্থিক ক্ষতি, মোট: ৫৮ কোটি ৪০ লাখ ৫২ হাজার ১৯৭ টাকা।

একইভাবে দোকান ও মার্কেট ভাড়া বাবদ অনাদায়ী অর্থ আদায় না করা, বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত দোকানের বকেয়া বিদ্যুৎ বিল আদায় না করা, বিভিন্ন স্তরের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীগণকে প্রদত্ত অগ্রিম সমন্বয় না করা, ইউজিসির অনুমোদন এবং নিয়োগ বিধিমালা না থাকা সত্ত্বেও নিয়োগের মাধ্যমে শিক্ষককর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করাসহ মোট ১১৮টি খাতে ২৪টি বিশ্ববিদ্যালয় অনিয়ম করেছে। এর ফলে সরকারের ২ হাজা ৩১ কোটি ৯২ লাখ ৫০ হাজার ৩০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে যেন কোনো প্রকার অনিয়ম না হয় সেই আহবান জানাব। পাশাপাশি কর্তৃপক্ষ কোনো অনিয়মে জড়ালে সে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে ইউজিসি।’