১২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৮

বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: ড. মামুন

বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: ড. মামুন  © সংগৃহীত

উচ্চশিক্ষার মান বাড়াতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন।

আজ শনিবার (১২ সেপ্টেম্ব) ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অক্সফোর্ড একিউএ আয়োজিত ‘অক্সফোর্ড একিউএ লিডারশিপ কনফারেন্সে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কনফারেন্সে ড. মামুন বলেন, দেশের উচ্চশিক্ষার মান বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। যৌথ ও দ্বৈত ডিগ্রি কর্মসূচি মেধাপাচার কমাতে ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে বিদেশে থাকা মেধাবীদের দেশে ফেরার সুযোগও তৈরি হতে পারে।

বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রতিবেশী দেশগুলোর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আকৃষ্ট করার উদ্যোগ নেওয়ার কথাও বলেন ইউজিসির এই সদস্য।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে বিদ্যমান আইন ও বিধিবিধান পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে ড. মামুন বলেন, এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিল, মার্কিন দূতাবাসসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চলছে।

উচ্চশিক্ষার প্রস্তুতি মাধ্যমিক পর্যায় থেকেই শুরু করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, স্বাধীনভাবে শেখা, গবেষণা ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে হবে।

উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রের চাহিদার মধ্যে সমন্বয় বাড়াতে স্কুল, বোর্ড, বিশ্ববিদ্যালয় ও নিয়োগদাতাদের মধ্যে যোগাযোগ জোরদারের পরামর্শ দেন ড. মামুন।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে ইংলিশ মিডিয়ামসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন পর্যায়ের মধ্যে সমন্বয় থাকা জরুরি বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া  সরকারের উদ্ভাবন ও স্টার্ট-আপ কর্মসূচিতে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের যুক্ত করা হয়েছে বলে তিনি জানান। 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মূল বক্তা ছিলেন অক্সফোর্ড একিউএর সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা ও মেরিডিয়ান ট্রাস্টের ট্রাস্টি মার্ক বেডলো। বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ এবং অক্সফোর্ড এ কিউএর হেড অব কোয়ালিফিকেশনস জেনিফার ডাগান।