উচ্চশিক্ষার রূপান্তরে উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপ শুরু আজ
দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর কৌশলগত নেতৃত্ব ও সুশাসন আরও শক্তিশালী করতে উপাচার্যদের নিয়ে জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ আয়োজন করা হচ্ছে। শুক্রবার (২১ আগস্ট) সাভারে শুরু হবে দুই দিনব্যাপী এ সংলাপ।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের আওতায় সাভারের ব্র্যাক সিডিএমে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা ও বৈশ্বিক প্রতিযোগিতার বিপরীতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক ও দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সক্ষম করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্য ছাড়াও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেবেন।
আরও বলা হয়েছে, সংলাপে উচ্চশিক্ষায় কৌশলগত নেতৃত্ব ও সুশাসন, পাঠদানের উৎকর্ষ, মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিকীকরণ, গবেষণা, উদ্ভাবন, বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা, আর্থিক ব্যবস্থাপনা, কারিকুলাম সংস্কার ও শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধির ওপর বিস্তারিত আলোচনা হবে।
সংলাপের প্রথম দিনে বেলা ১১টায় উচ্চশিক্ষার নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় পর্বে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকবেন।
দ্বিতীয় ও শেষ দিন ২২ আগস্ট বিকেল ৩টায় সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
সংলাপ থেকে প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ ভবিষ্যতে হিট প্রকল্পের উদ্যোগ এবং দেশের উচ্চশিক্ষার টেকসই রূপান্তর কার্যক্রমে বাস্তবায়নের জন্য সংকলন করা হবে বলে জানিয়েছে ইউজিসি।