২০ আগস্ট ২০২৬, ১৫:০৮

ইউজিসি’র উদ্যোগে আগামীকাল শুরু হচ্ছে উপাচার্যদের সাথে নীতিনির্ধারণী সংলাপ

ইউজিসি লোগো   © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, গুণগত মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর কৌশলগত নেতৃত্ব ও সুশাসন শক্তিশালী করার লক্ষ্যে আগামীকাল শুরু হতে যাচ্ছে উপাচার্যদের সাথে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ।

আগামীকাল শুক্রবার সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর উদ্যোগে সাভারের ব্র্যাক সিডিএম-এ সংলাপ শুরু হতে যাচ্ছে।

ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় অনুষ্ঠিতব্য এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্যসহ নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেবেন।

বাংলাদেশের উচ্চশিক্ষা বর্তমানে প্রযুক্তিগত পরিবর্তন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, গুণগত মান ও জবাবদিহির ক্রমবর্ধমান প্রত্যাশা এবং বৈশ্বিক প্রতিযোগিতার মতো নতুন বাস্তবতার মুখোমুখি। এ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক, সুশাসিত এবং পরিবর্তিত বিশ্বের জন্য দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুই দিনের সংলাপে উচ্চশিক্ষায় কৌশলগত নেতৃত্ব ও সুশাসন, নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়, পাঠদানের উৎকর্ষ ও মূল্যায়ন, মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিকীকরণ, গবেষণা, উদ্ভাবন এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা, উপাচার্যদের গ্রুপ আলোচনা, আর্থিক ও ক্রয় ব্যবস্থাপনা, উচ্চশিক্ষার রূপান্তরে হিট প্রকল্পের উদ্যোগসমূহের ভূমিকা, পাঠ্যক্রম সংস্কার, শিক্ষার্থী সহায়তা ও কর্মসংস্থানযোগ্যতা এবং উচ্চশিক্ষার কৌশলগত পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

সংলাপের প্রথম দিনে সকাল ১১টায় উচ্চশিক্ষার নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় পর্বে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিন উপস্থিত থাকবেন। পরে ২২ আগস্ট বিকাল ৩টায় সমাপনী সেশনে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেশনে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। 

এই সংলাপের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে একটি অভিন্ন ধারণা তৈরি, বিশ্ববিদ্যালয় নেতৃত্বের মধ্যে অভিজ্ঞতা ও ভালো চর্চা বিনিময়, একাডেমিক নেতৃত্ব ও সুশাসন শক্তিশালীকরণ, মানসম্মত পাঠদান, গবেষণা ও উদ্ভাবন সম্প্রসারণ, বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ উচ্চশিক্ষার জন্য কার্যকর করণীয় নির্ধারণ করা হবে। সংলাপ থেকে প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ ভবিষ্যৎ হিট প্রকল্পের উদ্যোগ এবং দেশের উচ্চশিক্ষা রূপান্তর কার্যক্রমে বিবেচনার জন্য সংকলিত করা হবে।