১১ মে ২০২৬, ২১:২৮

ঢাবিতে দেড় শতাধিক মন্ত্রী-আইন প্রণেতা, ভিসি-শিক্ষাবিদ, গবেষক-আমলা নিয়ে কর্মশালা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান  © টিডিসি সম্পাদিত

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও টেকসই করার লক্ষ্য নিয়ে আগামীকাল মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এক জাতীয় কর্মশালার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।

এদিকে, উদ্বোধন শেষে পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে দেড় শতাধিক মন্ত্রী, সংসদ সদস্য, ভিসি, শিক্ষাবিদ, গবেষক ও আমলা উপস্থিত থেকে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও টেকসই করার লক্ষ্য নিয়ে মতামত ব্যক্ত করবেন।

এসব অধিবেশনের মধ্যে রয়েছে- ‘গ্রাজুয়েটদের কর্মসংযোগযোগ্যতা, সফট স্কিল উন্নয়ন ও চাহিদাভিত্তিক শিক্ষা; শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং বৈশ্বিক প্রতিযোগিতা; ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন; শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ এবং আন্তর্জাতিকীকরণ; গভর্ন্যান্স, মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার’। পৃথক পৃথক অধিবেশনে এসব নিয়ে আলোচনা করা হবে এবং সুপারিশও প্রণীত হবে সেখানে।

কর্মশালার অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নে বাস্তবায়নযোগ্য নীতিগত পথনকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে জানিয়েছে ইউজিসি। এই কর্মশালা উপলক্ষ্যে আজ সোমবার (১১ মে) বিকেলে ইউজিসিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ সাংবাদিকদের কর্মশালা আয়োজনের লক্ষ্য-উদ্দেশ্য, প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসময় কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, এটি উচ্চশিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনার ক্ষেত্রে সহায়ক হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অংশ নেবেন শিক্ষাবিদ, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, ইউজিসির সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নীতি প্রণেতা, সিনিয়র সরকারি কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনরা।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি তাঁর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে গিয়েছিলেন তিনি। তার দুদিন আগে ২৫ ডিসেম্বর ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরেন তারেক রহমান।