০৫ অক্টোবর ২০২৬, ১৭:৩৯

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 

আনসিন বাংলাদেশ ওয়েব প্ল্যাটফর্ম ইন্টারফেস  © সংগৃহীত

মানুষ মাত্রই ঘুরতে ভালোবাসে। অনেকেই দেশের কত জেলায় ঘুরেছেন সেই হিসাব রাখেন নিজের নোটবুকে। অনেকেই আবার নিজের সোশ্যাল মিডিয়ায় ফিচার অপশনে পিন করে রাখেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ট্রেন্ড বেশ ভাইরাল যেখানে দেশের কয়টি জেলায় ভ্রমণ করেছেন সেটার একটি ডিজিটাল ম্যাপ বানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়ালে। 

ভাইরাল এ ট্রেন্ডের উদ্ভাবন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মো: সাব্বির হোসেন রবিন। চবির স্যার এ.এফ. রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি । সাইটটির নাম www.unseenbangladesh.com। 

এই ওয়েব প্ল্যাটফর্মে প্রবেশ করলেই দেশের আটটি বিভাগের অধীনে ৬৪ জেলার তালিকা ও ইন্টারেক্টিভ ম্যাপ দেখা যায়। তালিকায় ক্লিক করে, সার্চ বারে জেলার নাম লিখে অথবা সরাসরি মানচিত্রে ট্যাপ করে ভ্রমণ করা জেলাগুলো নির্বাচন করা যায়। যে কয়টি জেলায় ঘুরেছেন সেগুলো বাছাই করলেই আপনার স্কোর দেখা যাবে। 

এই ওয়েব প্ল্যাটফর্মে ম্যাপকে আরও আকর্ষণীয় করতে রয়েছে বিভিন্ন আধুনিক রঙের থিম। পছন্দের থিম নির্বাচন করার পাশাপাশি এতে নিজের নাম ও ছবি যুক্ত করা যায়। নাম না দিলে স্বয়ংক্রিয়ভাবে সেখানে ‘আমার বাংলাদেশ’ লেখা প্রদর্শিত হবে। ম্যাপ তৈরির কাজ শেষ হলে ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশনে ক্লিক করে PNG, JPG বা PDF ফরম্যাটে তা সংরক্ষণ করা যায়। পরে সহজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে। একই প্ল্যাটফর্মে বিশ্ব ভ্রমণ ম্যাপ তৈরির সুবিধাও রয়েছে।

এছাড়া শুধু ভ্রমণের হিসাব রাখাই নয়, প্ল্যাটফর্‌মটিতে দেশের ৬৪ জেলার ২৪০টিরও বেশি দর্শনীয় স্থানের তথ্যও যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট কোনো জেলার ওপর ক্লিক করলে সেখানকার জনপ্রিয় দর্শনীয় স্থান, যাতায়াত ব্যবস্থা, আনুমানিক খরচ এবং থাকার হোটেলের প্রাথমিক তথ্য পাওয়া যায়।

পাশাপাশি একাধিক জেলা নিয়ে ভ্রমণের পরিকল্পনা সাজাতে রয়েছে ‘ট্রিপ প্ল্যানার’ অপশনও। যাত্রার শুরুর স্থান, ভ্রমণের দিনসংখ্যা, ভ্রমণসঙ্গীর সংখ্যা ও বাজেট নির্ধারণ করে দিলে এটি কম দূরত্বের রুট অনুযায়ী ভ্রমণ পরিকল্পনা তৈরি করে ডাউনলোডযোগ্য রোডম্যাপ দেবে।