বসা থেকে দাড়াঁলে হঠাৎ মাথা ঘোরে কেন, কারণ জানালেন বিজ্ঞানীরা
বসে থাকা অবস্থায় হঠাৎ উঠে দাঁড়ানোর পর মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা কিংবা পড়ে যাওয়ার মতো অনুভূতি হলে অনেকেই মনে করেন রক্তচাপ কমে গেছে। কেউ কেউ ধারণা করেন, পানি কম পান করার কারণে এমন হচ্ছে। তাই নুন-চিনির পানি পান করলেই সমস্যা ঠিক হয়ে যাবে। তবে চিকিৎসক ডা. অন্বিত ভট্টাচার্য বলছেন, রক্তচাপ কমে যাওয়ার পেছনে শুধু পানিশূন্যতাই দায়ী নয়। হঠাৎ মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার পেছনে এমন তিনটি কারণ থাকতে পারে, যেগুলো অনেকেই গুরুত্ব দেন না।
প্রথমত, শোয়া বা বসা অবস্থা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘুরতে পারে। এটি এমন সমস্যার সবচেয়ে সাধারণ কারণ। হঠাৎ দাঁড়ালে রক্ত পায়ের দিকে নেমে যায়। ফলে কয়েক সেকেন্ডের জন্য মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যেতে পারে। তখন চোখে অন্ধকার দেখা কিংবা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়।
এ ধরনের সমস্যা এড়াতে শোয়া অবস্থা থেকে সরাসরি উঠে দাঁড়ানো উচিত নয়। প্রথমে ধীরে উঠে বসতে হবে। এরপর পায়ের পেশি কিছুটা শক্ত করে ধরে ধীরে দাঁড়াতে হবে। এতে অনেক ক্ষেত্রে মাথা ঘোরার সমস্যা কমে যায়।
দ্বিতীয়ত, দীর্ঘদিন ধরে কিছু নির্দিষ্ট ওষুধ সেবনের কারণেও রক্তচাপ কমে যেতে পারে। রক্তচাপ, বিষণ্নতা বা প্রস্টেটের সমস্যায় ব্যবহৃত কিছু ওষুধ দীর্ঘদিন একই মাত্রায় সেবন করলে এমন সমস্যা দেখা দিতে পারে।
ডা. অন্বিত ভট্টাচার্য বলেন, ‘অনেকেই বছরের পর বছর একই ওষুধ খেয়ে যান, ডাক্তারের সঙ্গে পরামর্শ করেন না। এতেই বাড়ে সমস্যা! প্রেশার কমে গিয়ে শারীরিক অস্বস্তি শুরু হয়।’
তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো ওষুধ বন্ধ করা বিপজ্জনক হতে পারে। তাই রক্তচাপের সমস্যা থাকলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ওষুধের মাত্রা কমানো বা পরিবর্তনের প্রয়োজন আছে কি না, তা চিকিৎসকই নির্ধারণ করবেন।
তৃতীয় কারণ হতে পারে পসচারাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিনড্রোম (পিওটিএস)। এ সমস্যার বিষয়ে অনেকেই জানেন না। বিশেষ করে কম বয়সী নারীদের মধ্যে এটি বেশি দেখা যায়। দাঁড়ানোর পর বারবার মাথা ঘোরা, দুর্বল লাগা কিংবা বুক ধড়ফড় করার মতো উপসর্গ দেখা দিলে তা সাধারণ রক্তচাপ কমে যাওয়ার সমস্যা নাও হতে পারে।
এ বিষয়ে ডা. অন্বিত বলেন, ‘সব মেয়ের এমনটা হয় না, কিন্তু বারবার হলে এটাকে একদম উপেক্ষা করবেন না। ডাক্তার দেখিয়ে পুরো পরীক্ষা করানো জরুরি সে ক্ষেত্রে।’
চিকিৎসকেরা বলছেন, বারবার রক্তচাপ কমে গেলে, মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেলে কিংবা মাথা ঘোরার সঙ্গে বুক ধড়ফড় বা শ্বাসকষ্ট দেখা দিলে অবহেলা করা উচিত নয়। এমন পরিস্থিতিতে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।