২৬ নভেম্বর ২০২৬, ২০:২৪

সহজ ৫ অভ্যাসে ভালো থাকবে ত্বক

সহজ ৫ অভ্যাসে ভালো থাকবে ত্বক  © সংগৃহীত

ত্বকের যত্ন নিতে সব সময় দামি প্রসাধনী বা নানা ধরনের পণ্য ব্যবহারের প্রয়োজন নেই। প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস মেনে চললেই ত্বক সুস্থ ও সতেজ রাখা যায়। বিশেষ করে শীতের সময় ত্বকের আলাদা করে যত্ন নিতে হয়। ত্বক পরিষ্কার করা, হাইড্রেশন এবং সুরক্ষার দিকে দৃষ্টি দিতে হবে। ঠিকভাবে নিয়মিত পাঁচটি করতে পারলে আপনার ত্বক ভেতর ও বাইরে থেকে সমান উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয়ে উঠবে। 

১. নিয়মিত মুখ পরিষ্কার করা
সারাদিন বাইরে চলাফেরার কারণে মুখে ধুলাবালু, ঘাম ও ময়লা জমে। তাই সকালে ও রাতে ঘুমানোর আগে মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা উচিত। তবে অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করে বার বার মুখ ধোয়া বা জোরে ঘষাঘষি করা ঠিক নয়। এতে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে শুষ্কতা ও জ্বালাপোড়া দেখা দিতে পারে।

২. ময়েশ্চারাইজার ব্যবহার
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। মুখ ধোয়ার পর ত্বক সামান্য ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগালে আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়। তৈলাক্ত ত্বক হলেও উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। তবে ত্বকের ধরন বুঝে পণ্য নির্বাচন করতে হবে।

৩. সানস্ক্রিন ব্যবহার
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। দীর্ঘ সময় রোদে থাকলে ত্বকে কালচে দাগ, বলিরেখা ও অকাল বার্ধক্যের লক্ষণ দেখা দিতে পারে। এ ধরনের ক্ষতি থেকে সুরক্ষায় বাইরে যাওয়ার আগে অন্তত এসপিএফ ৩০ যুক্ত ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা ভালো। দীর্ঘ সময় বাইরে থাকলে প্রতি দুই ঘণ্টা পর আবার সানস্ক্রিন লাগাতে হবে।

৪. বেশি বেশি পানি পান করা
ত্বক ভালো রাখতে খাবারের প্রতিও যত্নশীল হতে হবে। প্রতিদিনের খাদ্যতালিকায় ফলমূল, শাকসবজি, বাদাম ও অন্যান্য পুষ্টিকর খাবার রাখা উচিত। পাশাপাশি শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পানি পান করতে হবে। ধূমপান এড়িয়ে চলাও ত্বকের সুস্থতা বজায় রাখতে সহায়ক।

৫. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা
পর্যাপ্ত ঘুম শুধু শরীরের জন্য নয়, ত্বকের সুস্থতার জন্যও গুরুত্বপূর্ণ। ঘুমের অনিয়ম ও অতিরিক্ত মানসিক চাপ সামগ্রিক স্বাস্থ্যের পাশাপাশি ত্বকেও প্রভাব ফেলতে পারে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

ত্বকের যত্নে প্রতিদিনের এসব অভ্যাসের পাশাপাশি ত্বকের ধরন অনুযায়ী প্রসাধনী নির্বাচন করাও জরুরি। কোনো পণ্য ব্যবহারে জ্বালাপোড়া বা অ্যালার্জি দেখা দিলে তা ব্যবহার বন্ধ করে প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।