২২ নভেম্বর ২০২৬, ১৯:০২

ঘুমানোর আগে রিলস! যা বলছে গবেষণা

ঘুমানোর আগে রিলস!  © সংগৃহীত

রাত হয়েছে। ঘুমানোর প্রস্তুতি নিয়ে বিছানায় শুয়েছেন। ভাবছেন, ঘুমানোর আগে কয়েকটি রিলস দেখে সময় কাটাবেন। একটি ভিডিও শেষ হতেই সামনে চলে আসে আরেকটি। এরপর আরেকটি। এভাবে কখনো আধা ঘণ্টা, কখনো এক ঘণ্টা পেরিয়ে যায়। চোখে ঘুম এলেও মোবাইলের পর্দা থেকে চোখ সরানো কঠিন হয়ে পড়ে। অনেকের প্রতিদিনের রাতের রুটিন এখন এমনই। কিন্তু এই অভ্যাসের কারণে অজান্তেই কমে যেতে পারে ঘুমের সময়, ব্যাহত হতে পারে ঘুমের স্বাভাবিক ছন্দ।

গতবছর চিকিৎসাবিষয়ক সাময়িকী জামা নেটওয়ার্ক ওপেন-এ প্রকাশিত এক গবেষণায় ঘুমানোর আগে মোবাইল, ট্যাবলেট ও অন্যান্য ইলেকট্রনিক পর্দা ব্যবহারের সঙ্গে ঘুমের সময় ও মানের সম্পর্ক পাওয়া গেছে। ১ লাখ ২২ হাজার ৫৮ জন প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যারা প্রতিদিন ঘুমানোর আগের এক ঘণ্টা ইলেকট্রনিক পর্দা ব্যবহার করেন, তাদের ঘুমের মান খারাপ হওয়ার হার পর্দা ব্যবহার না করা ব্যক্তিদের তুলনায় ৩৩ শতাংশ বেশি। একই সঙ্গে কর্মদিবসে তাদের ঘুমের সময় গড়ে ৭ দশমিক ৬৪ মিনিট কম ছিল। গবেষকদের হিসাবে, এভাবে সপ্তাহে প্রায় ৫০ মিনিট কম ঘুমের সম্পর্ক পাওয়া গেছে।

গবেষণায় আরও দেখা যায়, ঘুমানোর আগে প্রতিদিন পর্দা ব্যবহারকারীরা অন্যদের তুলনায় কর্মদিবসে গড়ে প্রায় ১৯ মিনিট দেরিতে ঘুমাতে যান। তবে এটি পর্যবেক্ষণভিত্তিক গবেষণা। তাই মোবাইল ব্যবহারের কারণেই ঘুমের সমস্যা হয়েছে, এমন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবেনা। 

ঘুমানোর আগে রিলস বা শর্ট ভিডিওর মতো কনটেন্টে একটি ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন ভিডিও সামনে আসে। ফলে ব্যবহারকারী সহজে ফোন সরিয়ে রাখতে পারেন না। বিনোদন, কৌতূহল কিংবা নতুন কিছু দেখার আগ্রহে একের পর এক ভিডিও দেখতে থাকেন। এতে ঘুমানোর সময় পিছিয়ে যেতে পারে।

এ ছাড়া মোবাইলের পর্দা থেকে আসা উজ্জ্বল আলো শরীরের স্বাভাবিক ঘুম-জাগরণের ছন্দে প্রভাব ফেলতে পারে। রাতে আলো কমে এলে শরীর ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হয়। এ সময় উজ্জ্বল পর্দার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে শরীরের স্বাভাবিক প্রস্তুতি ব্যাহত হতে পারে। বিশেষ করে ঘুমানোর ঠিক আগমুহূর্তে ফোন ব্যবহার করলে এ সমস্যা আরও বেশি অনুভূত হতে পারে।

ঘুমানোর আগে মোবাইলের ব্যবহার কমানো উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। আমেরিকান একাডেমি অব স্লিপ মেডিসিন ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। সংস্থাটির মতে, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, পর্যাপ্ত ঘুমের সুযোগ রাখা এবং ঘুমের আগে শান্ত পরিবেশ তৈরি করা ভালো ঘুমের জন্য গুরুত্বপূর্ণ।

এ ক্ষেত্রে কয়েকটি অভ্যাস কাজে আসতে পারে। ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে মোবাইল ফোন সরিয়ে রাখুন। বিছানায় শুয়ে রিলস বা ভিডিও দেখার পরিবর্তে বই পড়তে পারেন কিংবা শান্ত কোনো কাজ করতে পারেন। রাতে ফোনে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন। সম্ভব হলে ফোনটি বিছানা থেকে কিছুটা দূরে রাখুন। পাশাপাশি প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন।