জাল স্বাক্ষর চিনবেন যেভাবে
ব্যক্তিগত, আর্থিক ও দাপ্তরিক নানা কাজে স্বাক্ষর ব্যবহার করা হয়। কিন্তু কারও স্বাক্ষর নকল করে জালিয়াতির ঘটনাও ঘটে। ব্যাংকের চেক, জমির দলিল, চুক্তিপত্র কিংবা গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিতে জাল স্বাক্ষর ব্যবহার করে প্রতারণা করা হতে পারে। তাই কোনো নথিতে থাকা স্বাক্ষর আসল নাকি নকল, তা প্রাথমিকভাবে বোঝার কিছু উপায় জানা জরুরি।
স্বাক্ষর জাল কি না, তা বুঝতে প্রথমেই ওই ব্যক্তির আগের স্বাক্ষরের সঙ্গে সন্দেহজনক স্বাক্ষরটি তুলনা করতে হবে। এ ক্ষেত্রে শুধু স্বাক্ষরের সামগ্রিক চেহারা নয়, বরং অক্ষরের গঠন, লেখার ঢং, কলমের চাপ ও স্বাক্ষরের স্বাভাবিক গতি খেয়াল করা প্রয়োজন।
সাধারণত স্বাক্ষর জাল করার সময় কয়েকটি অসংগতি দেখা যেতে পারে। যেমন,
অক্ষরের গঠনে পার্থক্য: একই ব্যক্তির স্বাক্ষরে সাধারণত অক্ষরের গঠন ও লেখার ধরনে কিছুটা ধারাবাহিকতা থাকে। সন্দেহজনক স্বাক্ষরে অক্ষরের আকৃতি, বাঁক, সংযোগ বা শেষের অংশে অস্বাভাবিক পার্থক্য দেখা গেলে সতর্ক হওয়া প্রয়োজন।
লেখার গতি ও স্বাভাবিকতা: প্রকৃত স্বাক্ষর সাধারণত পরিচিত ও স্বাভাবিক গতিতে করা হয়। অন্যদিকে নকল করার সময় কেউ কেউ ধীরে ধীরে স্বাক্ষর আঁকেন। এতে লেখার স্বাভাবিক প্রবাহ নষ্ট হতে পারে। কোথাও অস্বাভাবিক থেমে যাওয়া বা কাঁপা রেখা দেখা যেতে পারে।
কলমের চাপ: স্বাক্ষরের বিভিন্ন অংশে কলমের চাপের ধরনও গুরুত্বপূর্ণ। সন্দেহজনক স্বাক্ষরে কোথাও অতিরিক্ত চাপ, কোথাও হালকা দাগ কিংবা অস্বাভাবিকভাবে একই রকম রেখা দেখা যেতে পারে।
অক্ষরের দূরত্ব ও অনুপাত: স্বাক্ষরের অক্ষরগুলোর মধ্যে দূরত্ব, উচ্চতা, আকার ও অবস্থানের একটি পরিচিত ধরন থাকে। সন্দেহজনক স্বাক্ষরে এসবের অস্বাভাবিক পরিবর্তন থাকলে তা পরীক্ষা করা প্রয়োজন।
শুরু ও শেষের রেখা: স্বাক্ষরের শুরুতে ও শেষে কলমের টান, বাঁক এবং রেখার ধরনও তুলনার গুরুত্বপূর্ণ বিষয়। নকল করার সময় এসব অংশে স্বাভাবিকতার অভাব দেখা যেতে পারে।
তবে এসব লক্ষণ দেখেই কোনো স্বাক্ষরকে নিশ্চিতভাবে জাল বলা যায় না। বয়স, শারীরিক অবস্থা, অসুস্থতা, লেখার উপকরণ কিংবা স্বাক্ষরের সময়ের পরিস্থিতির কারণে একজন ব্যক্তির স্বাক্ষরেও কিছুটা পরিবর্তন আসতে পারে। তাই শুধু চোখে দেখে সিদ্ধান্ত না নিয়ে বিশেষজ্ঞের মতামত নেওয়া জরুরি।
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগের অধীনে হ্যান্ডরাইটিং শাখা রয়েছে। এ শাখায় স্বাক্ষর ও লেখার জালিয়াতি শনাক্ত করা, বিভিন্ন নমুনা লেখা ও স্বাক্ষর তুলনা করে লেখকের পরিচয় নির্ধারণ এবং নথিতে প্রতারণামূলক পরিবর্তন শনাক্ত করার কাজ করা হয়। বাংলাদেশে সাক্ষ্য আইন, ১৮৭২-এর ৪৫ ধারায় হাতের লেখা বা স্বাক্ষরের পরিচয় নির্ধারণে বিশেষজ্ঞের মতামতকে প্রাসঙ্গিক তথ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ, কোনো স্বাক্ষর নিয়ে বিরোধ দেখা দিলে আদালতে বিশেষজ্ঞের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৬৫ ধারায় জালিয়াতির অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। প্রতারণার উদ্দেশ্যে জাল দলিল তৈরি করলে ৪৬৮ ধারায় সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। জাল দলিল আসল হিসেবে ব্যবহার করলে ৪৭১ ধারায় জাল দলিল তৈরির অপরাধের মতোই শাস্তির বিধান রয়েছে।