যে ৬ কারণে সময়ের আগেই সন্তান প্রসবের ঝুঁকি বাড়ে, সুস্থ থাকতে করণীয়
গর্ভাবস্থার পূর্ণ সময় শেষ হওয়ার আগেই কোনো শিশুর জন্ম হলে তাকে অপরিণত শিশু বলা হয়। সাধারণত গর্ভধারণের ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে কোনো শিশুর জন্ম হলে সেটিকে প্রি-টার্ম বা অকাল প্রসব হিসেবে বিবেচনা করা হয়। সময়ের আগে জন্ম নেওয়া শিশুর নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি থাকতে পারে। জন্মের সময় যত আগে হয়, এসব জটিলতার আশঙ্কাও তত বেশি থাকে।
বিভিন্ন শারীরিক জটিলতা, সংক্রমণ কিংবা মায়ের আগে থেকে থাকা কিছু রোগের কারণে অকাল প্রসব হতে পারে। তবে কিছু লক্ষণ আগে থেকেই দেখা দেয়, যেগুলো সম্পর্কে সচেতন থাকলে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব। স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. চঞ্চল শর্মা অকাল প্রসবের কয়েকটি কারণ, সতর্কতামূলক লক্ষণ এবং সুস্থ গর্ভাবস্থা বজায় রাখার উপায় জানিয়েছেন।
১. সংক্রমণ ও প্রদাহ
গর্ভাবস্থায় শরীরের বিভিন্ন স্থানে সংক্রমণ অকাল প্রসবের ঝুঁকি বাড়াতে পারে। জরায়ু, যোনিপথ, মূত্রনালি, গর্ভফুল কিংবা গর্ভের চারপাশের পানিতে সংক্রমণ হলে শরীরে প্রদাহ তৈরি হতে পারে। এর ফলে প্রসবের সঙ্গে সম্পর্কিত কিছু রাসায়নিক উপাদান নিঃসৃত হয়, যা জরায়ুতে আগেভাগে সংকোচন তৈরি করে। বিশেষ করে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, মূত্রনালির সংক্রমণ এবং গর্ভের শিশুকে ঘিরে থাকা ঝিল্লির সংক্রমণ অকাল প্রসবের সঙ্গে সম্পর্কিত।
২. জরায়ুমুখ দুর্বল হওয়া
কিছু নারীর ক্ষেত্রে গর্ভাবস্থায় কোনো ব্যথা বা প্রসববেদনা ছাড়াই জরায়ুমুখ আগেভাগে ছোট হয়ে যেতে পারে বা খুলতে শুরু করতে পারে। এই অবস্থাকে সার্ভিক্যাল ইনসাফিসিয়েন্সি বা জরায়ুমুখের দুর্বলতা বলা হয়। অনেক সময় নিয়মিত আলট্রাসনোগ্রাম করার আগে বিষয়টি বোঝা যায় না। আগে জরায়ুমুখে অস্ত্রোপচার হয়ে থাকলে, জরায়ুর গঠনগত সমস্যা থাকলে কিংবা পূর্বে অকাল প্রসবের ইতিহাস থাকলে এই ঝুঁকি বেশি হতে পারে।
৩. গর্ভে একাধিক সন্তান থাকা
যমজ সন্তান গর্ভে ধারণ করলে অকাল প্রসবের আশঙ্কা বেড়ে যায়। একাধিক শিশুর কারণে জরায়ু স্বাভাবিকের তুলনায় বেশি প্রসারিত হয়। এতে জরায়ুতে সংকোচন তৈরি হতে পারে অথবা গর্ভের পানির থলি নির্ধারিত সময়ের আগেই ফেটে যেতে পারে।
৪. গর্ভফুলের জটিলতা
গর্ভফুল বা প্লাসেন্টায় কোনো সমস্যা হলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে এবং অকাল প্রসবের ঝুঁকি তৈরি হয়। এ ধরনের একটি জটিলতা হলো প্লাসেন্টাল অ্যাব্রাপশন। এতে জরায়ুর দেয়াল থেকে গর্ভফুল আগেভাগে আলাদা হয়ে যায়। এটি একটি জরুরি চিকিৎসাগত অবস্থা এবং অনেক ক্ষেত্রে দ্রুত সন্তান প্রসব করানোর প্রয়োজন হয়।
অন্যদিকে, প্লাসেন্টা প্রিভিয়া হলে গর্ভফুল জরায়ুমুখ আংশিক বা সম্পূর্ণ ঢেকে রাখে। এ অবস্থায় রক্তক্ষরণের ঝুঁকি থাকে, যা অকাল প্রসবের কারণ হতে পারে।
৫. জরায়ুর গঠনগত সমস্যা
কিছু নারীর জন্মগতভাবেই জরায়ুর আকার বা গঠনে অস্বাভাবিকতা থাকে। এতে গর্ভাবস্থার পুরো সময় শিশুকে ধারণ করা কঠিন হতে পারে।
এ ছাড়া জরায়ুতে টিউমার বা ফাইব্রয়েড থাকা কিংবা আগে জরায়ুতে অস্ত্রোপচার হয়ে থাকলেও জটিলতা তৈরি হতে পারে।
৬. মায়ের দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা
গর্ভবতী মায়ের আগে থেকে থাকা কিছু শারীরিক অসুস্থতাও অকাল প্রসবের ঝুঁকি বাড়াতে পারে। এর মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, গর্ভকালীন ডায়াবেটিস, অটোইমিউন রোগ এবং থাইরয়েডের সমস্যা।
এসব রোগ গর্ভফুলের স্বাভাবিক কার্যক্রম ও শিশুর বেড়ে ওঠায় প্রভাব ফেলতে পারে। পাশাপাশি বিভিন্ন জটিলতা তৈরি হলে চিকিৎসকেরা নির্ধারিত সময়ের আগেই সন্তান প্রসব করানোর সিদ্ধান্ত নিতে পারেন।
অকাল প্রসবের যেসব লক্ষণ দেখা দিতে পারে:
ঘন ঘন জরায়ুর সংকোচন: পেট শক্ত হয়ে আসা, তলপেট বা কোমরে ব্যথা কিংবা মাসিকের সময়ের মতো ব্যথা হতে পারে। এক ঘণ্টায় চারবারের বেশি সংকোচন হলে, ব্যথা স্থায়ী হলে বা ধীরে ধীরে বাড়তে থাকলে সতর্ক হতে হবে।
কোমরের নিচের দিকে ব্যথা: কোমরের নিচে একটানা মৃদু ব্যথা অনুভূত হতে পারে। বিশ্রাম নেওয়া, শোয়ার ভঙ্গি পরিবর্তন কিংবা অবস্থান বদলানোর পরও ব্যথা না কমলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
তলপেটে চাপ অনুভব: তলপেট বা শ্রোণি অঞ্চলে ভারী অনুভূতি হতে পারে। মনে হতে পারে, শিশু নিচের দিকে চাপ দিচ্ছে।
যোনিপথের স্রাবে পরিবর্তন: স্বাভাবিকের তুলনায় স্রাব বেড়ে যেতে পারে। স্রাব পানির মতো পাতলা, শ্লেষ্মার মতো ঘন কিংবা গোলাপি বা বাদামি রঙের হতে পারে। এ ধরনের পরিবর্তন জরায়ুমুখে পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।
মাসিকের মতো ব্যথা: তলপেটে মাসিকের মতো ব্যথা, পেট মোচড়ানো কিংবা ডায়রিয়ার সঙ্গে পেট শক্ত হয়ে আসা জরায়ুর সংকোচনের লক্ষণ হতে পারে।
যোনিপথে রক্তপাত: গর্ভাবস্থায় যেকোনো ধরনের অস্বাভাবিক রক্তপাত বা অল্প রক্তের দাগ দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে কোমরব্যথা বা তলপেটে চাপের সঙ্গে রক্তপাত হলে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
গর্ভের পানির থলি ফেটে যাওয়া: যোনিপথ দিয়ে হঠাৎ অনেকটা পানি বের হওয়া অথবা অল্প অল্প করে একটানা পানি পড়া গর্ভের পানির থলি ফেটে যাওয়ার লক্ষণ হতে পারে। প্রসববেদনা থাকুক বা না থাকুক, এমন হলে দ্রুত হাসপাতালে যেতে হবে।
সুস্থ গর্ভাবস্থা বজায় রাখতে যা করবেন:
অকাল প্রসবের সব ঝুঁকি প্রতিরোধ করা সম্ভব নয়। তবে কিছু বিষয়ে সচেতন থাকলে গর্ভাবস্থায় জটিলতার আশঙ্কা কমানো এবং মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে সহায়তা পাওয়া যায়।
গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত গর্ভকালীন পরীক্ষা করান।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা বা অন্য কোনো শারীরিক অসুস্থতা থাকলে তা নিয়ন্ত্রণে রাখুন।
পুষ্টিকর ও সুষম খাবার খান।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় প্রয়োজনীয় ওজন বৃদ্ধি নিশ্চিত করুন।
ধূমপান, অ্যালকোহল ও মাদকদ্রব্য থেকে সম্পূর্ণ দূরে থাকুন।
এক সন্তান জন্মের পর পরবর্তী গর্ভধারণের আগে অন্তত ১২ মাসের বিরতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
কখন চিকিৎসকের কাছে যাবেন:
গর্ভাবস্থায় নিয়মিত পরীক্ষা করানোর পাশাপাশি শরীরের যেকোনো অস্বাভাবিক পরিবর্তনের দিকে খেয়াল রাখা জরুরি। বিশেষ করে ৩৭ সপ্তাহের আগে নিয়মিত পেট শক্ত হওয়া, কোমরব্যথা, তলপেটে চাপ, যোনিপথে রক্তপাত কিংবা পানি পড়ার মতো লক্ষণ দেখা দিলে অপেক্ষা না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।