কমোডের ফ্লাশে দুটি বোতাম থাকে কেন, কোনটির কী কাজ জেনে নিন
অফিস, বিমানবন্দর কিংবা শপিংমলের শৌচাগারের কমোডের ফ্লাশে দুটি বোতাম দেখতে পাওয়া যায়। একটি বড়, অন্যটি তুলনামূলক ছোট। অনেক সময় কোন বোতামটি চাপতে হবে বুঝতে না পেরে কেউ কেউ একসঙ্গে দুটিতেই চাপ দেন। কিন্তু ফ্লাশে দুটি বোতাম রাখার কারণ কী? আর কোন বোতামটি কী কাজে ব্যবহার করা হয়?
মূলত পানির অপচয় কমাতেই আধুনিক কমোডের ফ্লাশে দুটি বোতামের ব্যবস্থা রাখা হয়েছে। পুরোনো মডেলের কমোডে সাধারণত একটি হাতল বা বোতাম থাকলেও নতুন মডেলগুলোতে দেখা যায় দুটি আলাদা বোতাম। আকারে ছোট-বড় এই বোতাম দুটির কাজও আলাদা। দুটির মাধ্যমে কমোড পরিষ্কারের জন্য ভিন্ন পরিমাণ পানি বের হয়।
ছোট বোতামটি ব্যবহার করা হয় তরল বর্জ্য, অর্থাৎ প্রস্রাবের পর কমোড পরিষ্কার করতে। এটি চাপলে সাধারণত প্রায় ৩ লিটার পানি বের হয়। অন্যদিকে, বড় বোতামটি কঠিন বর্জ্য পরিষ্কারের জন্য। এটি চাপলে প্রায় ৬ লিটার পানি বের হয়। অর্থাৎ মলত্যাগের পর কমোড পরিষ্কার করতে বড় বোতামটি ব্যবহার করতে হয়।
তবে ফ্লাশের প্রযুক্তি ও মডেলভেদে পানির পরিমাণে কিছুটা পার্থক্য হতে পারে। অনেকেই না বুঝে দুটি বোতাম একসঙ্গে চেপে ধরেন। এতে প্রয়োজনের তুলনায় বেশি পানি খরচ হতে পারে। অথচ বর্জ্যের ধরন অনুযায়ী সঠিক বোতামটি ব্যবহার করলে পানির অপচয় অনেকটাই কমানো সম্ভব।
মূলত পানির সাশ্রয় এবং পরিবেশের ওপর চাপ কমানোর লক্ষ্যেই কমোডে এই ডুয়াল ফ্লাশ ব্যবস্থা চালু করা হয়েছে। ছোট প্রয়োজনের জন্য কম পানি এবং বড় প্রয়োজনের জন্য বেশি পানি ব্যবহারের সুযোগ তৈরি করাই এর মূল উদ্দেশ্য।