১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১

ওজন বাড়তে দেবেন না, সুস্থ থাকতে মানুন ১০ নিয়ম

সুস্থ থাকতে মানুন ১০ নিয়ম  © সংগৃহীত ছবি

সুস্থ থাকতে শুধু নিয়মিত ব্যায়াম করলেই হয় না, এর সঙ্গে প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্বাস্থ্যের যত্ন। প্রতিদিনের জীবনের কিছু ছোট অভ্যাসের পরিবর্তন শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নানা রোগের ঝুঁকিও কমাতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় বসে কাজ করা, অতিরিক্ত খাওয়া, ঘুমের অনিয়ম ও শারীরিক পরিশ্রমের অভাব ধীরে ধীরে শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সুস্থ জীবনযাপন ও স্বাস্থ্যকর ওজন ধরে রাখতে কয়েকটি পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ফেয়ারব্যাংকস স্কুল অব পাবলিক হেলথের এপিডেমিওলজির অধ্যাপক ইকিং সং।

১. নিয়মিত ওজন মাপুন
ওজন নিয়ন্ত্রণে রাখতে নিজের ওজনের দিকে নিয়মিত নজর রাখা জরুরি। প্রতিদিন অথবা সপ্তাহে অন্তত একবার ওজন মাপতে পারেন। এতে ওজন বাড়ছে নাকি কমছে, তা সহজেই বুঝতে পারবেন। ওজনের পরিবর্তন বুঝতে পারলে প্রয়োজন অনুযায়ী খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনা সহজ হয়।

২. অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন
সুস্থ থাকতে খাবারের বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। সকালের নাশতা বাদ না দিয়ে প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস করুন। খাবারের তালিকায় প্রোটিন ও আঁশসমৃদ্ধ খাবার রাখুন। পাশাপাশি অতিরিক্ত চর্বি, চিনি ও ক্যালরিযুক্ত খাবার খাওয়ার পরিমাণ কমিয়ে দিন। এতে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

৩. প্রয়োজন বুঝে ভিটামিন ও খনিজ গ্রহণ
শরীরের স্বাভাবিক কার্যক্রম ও রোগ প্রতিরোধব্যবস্থা ঠিক রাখতে বিভিন্ন ভিটামিন ও খনিজের প্রয়োজন হয়। ভিটামিন এ, বি৬, বি১২, সি, ডি ও ই-এর পাশাপাশি জিংক, আয়রন, কপার, সেলেনিয়াম ও ম্যাগনেশিয়াম গুরুত্বপূর্ণ। বৈচিত্র্যময় খাবার খাওয়ার সুযোগ কম থাকলে পুষ্টির ঘাটতি পূরণে চিকিৎসকের পরামর্শে মাল্টিভিটামিন গ্রহণ করা যেতে পারে। তবে কোনো ভিটামিন বা সাপ্লিমেন্ট ভাইরাসের সংক্রমণ ঠেকায় কিংবা দ্রুত সুস্থ করে এমন প্রমাণ নেই। আবার অতিরিক্ত মাত্রায় ভিটামিন গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

৪. পর্যাপ্ত পানি পান করুন
শরীর সুস্থ রাখতে নিয়মিত পানি পান করা জরুরি। শরীরে পানির ঘাটতি যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন। পাশাপাশি কোমল পানীয়, প্যাকেটজাত জুস ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন। 

৫. নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করুন
সুস্থ থাকতে প্রতিদিন কিছুটা সময় শারীরিক পরিশ্রমের জন্য রাখা উচিত। বাড়িতে হালকা ব্যায়াম, হাঁটাহাঁটি কিংবা বাইরে দৌড়ানোর অভ্যাস করতে পারেন। যাদের বাইরে যাওয়ার সুযোগ নেই, তারা ঘরেই শরীরচর্চা করতে পারেন। নিয়মিত শারীরিক কার্যক্রম শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।

৬. দীর্ঘ সময় বসে থাকা ও স্ক্রিনে তাকিয়ে থাকা কমান
নিয়মিত ব্যায়াম করলেও দিনের বড় একটা সময় বসে কাটালে স্বাস্থ্যঝুঁকি থেকে যায়। দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইলের সামনে বসে থাকলে ডায়াবেটিস হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। তাই কাজের ফাঁকে বিরতি নিন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন কিংবা ঘরের মধ্যে একটু চলাফেরা করুন। এতে দীর্ঘ সময় বসে থাকার ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব।

৭. পর্যাপ্ত ও ভালো ঘুম নিশ্চিত করুন
শরীর সুস্থ রাখতে ঘুমের বিকল্প নেই। ঘুমের সময় ও মানের সঙ্গে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর অভ্যাস করা উচিত। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাসও ভালো ঘুম নিশ্চিত করতে সাহায্য করে।

৮. অ্যালকোহল পান থেকে বিরত থাকুন
অ্যালকোহল পান স্বাস্থ্যের জন্য নানা ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এতে থাকা অতিরিক্ত ক্যালরিও ওজন বাড়ার কারণ হতে পারে। তাই সুস্থ থাকতে অ্যালকোহল এড়িয়ে চলাই ভালো।

৯. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন
মানসিক চাপ, উদ্বেগ ও দুশ্চিন্তা শরীরের ওপরও প্রভাব ফেলে। দীর্ঘদিন মানসিক চাপে থাকলে খাদ্যাভ্যাস ও ঘুমের স্বাভাবিক নিয়মে পরিবর্তন আসতে পারে। এতে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই মানসিক চাপ কমাতে নিজের পছন্দের কাজে সময় দিন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

১০. শারীরিক কার্যক্রম ও ঘুম ঠিক রাখুন
নিজের দৈনন্দিন অভ্যাস সম্পর্কে সচেতন থাকতে বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক অ্যাপ ব্যবহার করতে পারেন। এসব অ্যাপের মাধ্যমে প্রতিদিন কতটুকু হাঁটছেন, কতক্ষণ ঘুমাচ্ছেন এবং হৃদস্পন্দনের হার কেমন থাকছে, তা পর্যবেক্ষণ করা যায়। এতে নিজের জীবনযাপনের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং প্রয়োজনীয় পরিবর্তন আনা সহজ হয়।

বিশেষ সতর্কতা
অতিরিক্ত স্থূলতা, ডায়াবেটিস ও হৃদরোগের মতো দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা রয়েছে, এমন ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। এসব সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিভিন্ন সংক্রমণে গুরুতর অসুস্থতার ঝুঁকি বেশি হতে পারে। তাই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নির্দেশনা মেনে চলা জরুরি।