১৭ নভেম্বর ২০২৬, ১০:১০

সুস্থ থাকতে সকালে যে ৪টি অভ্যাস গড়ে তুলবেন

সুস্থ থাকতে সকালের ৪টি অভ্যাস   © সংগৃহীত

সারাদিন শরীর ও মন সতেজ রাখতে সকালের শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। ঘুম থেকে ওঠার পরের সময়টুকু কীভাবে কাটাচ্ছেন, তার প্রভাব পড়তে পারে দিনের বাকি সময়ের কাজ, মনোযোগ ও কর্মশক্তির ওপর। তাই সকালে কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা জরুরি। নিয়মিত কয়েকটি সহজ কাজের মাধ্যমে দিন শুরু করলে শরীর ও মন দুটিই ভালো রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, সুস্থ ও সুন্দর দিনের জন্য সকালে কোন চারটি অভ্যাস গড়ে তুলবেন।

১. নিজের যত্ন নিন
ঘুম থেকে ওঠার পর প্রথমেই নিজের পরিচ্ছন্নতার দিকে নজর দিন। দাঁত ব্রাশ করা, মুখ ধোয়া কিংবা গোসলের মতো সাধারণ কাজগুলো শরীরকে সতেজ করে তোলে। একই সঙ্গে ঘুমের ভাব কাটিয়ে নতুন দিনের জন্য নিজেকে প্রস্তুত হতে সাহায্য করে। প্রতিদিন সকালে এসব কাজ করার অভ্যাস গড়ে তুললে দিনের শুরুটাও হবে গোছানো।

২. পুষ্টিকর নাশতা করুন
সকালের নাশতা শরীরের জন্য গুরুত্বপূর্ণ। রাতের দীর্ঘ বিরতির পর খাবার খেলে শরীর প্রয়োজনীয় শক্তি পায়। তাই সকালের খাবারে রাখতে পারেন লাল চাল বা আটার রুটি, ফলমূল, ডিম, দুধ কিংবা বাদামের মতো পুষ্টিকর খাবার। শর্করা, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বির সমন্বয়ে তৈরি সুষম নাশতা শরীরের শক্তি জোগাতে এবং কাজে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে, সকালের খাবার বাদ দিলে দিনের পরের ভাগে ক্লান্তি অনুভব হতে পারে কিংবা অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হতে পারে।

৩. কিছুক্ষণ শরীরচর্চা করুন
সকালে শরীরচর্চার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন নেই। কয়েক মিনিট হাঁটা, হালকা ব্যায়াম কিংবা শরীরের বিভিন্ন অংশের পেশি টানটান ও শিথিল করার ব্যায়াম দিয়েই শুরু করতে পারেন। এসব কাজ শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে, পেশির জড়তা কমাতে এবং কর্মশক্তি বাড়াতে সহায়তা করে। পাশাপাশি সকালে কিছুটা শারীরিক পরিশ্রম মনও ভালো রাখতে পারে। তাই দিনের শুরুতে সামান্য সময় হলেও শরীরের জন্য রাখুন।

৪. তাড়াহুড়ো না করে সময় নিয়ে দিন শুরু করুন
সকালে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো শুরু হলে মানসিক চাপ তৈরি হতে পারে। তাই দিনের কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় রাখা জরুরি। আগের রাতেই পরদিনের পোশাক ঠিক করে রাখা, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখা কিংবা দুপুরের খাবার প্রস্তুত করে রাখলে সকালে বাড়তি ঝামেলা কমে। এ ছাড়া এমনভাবে অ্যালার্ম সেট করুন, যাতে পর্যাপ্ত ঘুমের পর ধীরে-সুস্থে ঘুম থেকে উঠতে পারেন। এতে দিনের শুরুটা হবে অনেক বেশি স্বস্তিদায়ক।

সকালের রুটিনে একসঙ্গে অনেক পরিবর্তন আনার প্রয়োজন নেই। নিজের সুবিধা অনুযায়ী ছোট ছোট অভ্যাস দিয়ে শুরু করুন। নিয়মিত নিজের যত্ন নেওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, শরীরচর্চা করা এবং পর্যাপ্ত সময় নিয়ে দিন শুরু করার অভ্যাস গড়ে তুলতে পারলে দিনটি আরও সুন্দর ও কর্মমুখর হতে পারে। [সূত্র: নিউ লন্ডন রিক্রিয়েশন সেন্টার]