১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭

দিনের শুরুটা সুন্দর করতে সকালে করুন এই ৯ যোগব্যায়াম

সকালের ৯ যোগব্যায়াম  © সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় নানা ব্যস্ততা। কারও অফিসে যাওয়ার তাড়া, কারও ক্লাস বা অন্য কাজের প্রস্তুতি। এই ব্যস্ততার মধ্যে নিজের শরীরের জন্য আলাদা করে সময় বের করা হয় না অনেকেরই। অথচ দিনের শুরুতে মাত্র কিছুটা সময় শরীরচর্চার জন্য রাখলে শরীর ও মন দুটিই সতেজ রাখা সম্ভব। বিশেষ করে যোগব্যায়াম শরীরের পেশি ও জয়েন্টের জড়তা কাটাতে, নমনীয়তা বাড়াতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। তাই সকালের রুটিনে রাখতে পারেন সহজ কিছু যোগব্যায়াম। 

এসব ব্যায়ামের মধ্যে রয়েছে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের হালকা নড়াচড়া থেকে শুরু করে ভারসাম্য রক্ষা ও শ্বাস-প্রশ্বাসের অনুশীলন।

১. সূক্ষ্ম ব্যায়াম
যোগব্যায়াম শুরুর আগে শরীরকে প্রস্তুত করে নেওয়া প্রয়োজন। এ জন্য প্রথমে ঘাড় ধীরে ধীরে ডানে ও বাঁয়ে ঘোরান। এরপর কাঁধ সামনে-পেছনে, কবজি গোল করে এবং কনুই ভাঁজ ও সোজা করার অনুশীলন করুন। দুই পা কিছুটা ফাঁক করে দাঁড়িয়ে এক হাত মাথার ওপর তুলে শরীর ডানে ও বাঁয়ে বাঁকান। সবশেষে হাঁটু সামান্য বাঁকিয়ে দুই হাঁটু একসঙ্গে ঘোরান। প্রতিটি অনুশীলন পাঁচ থেকে ১০ বার করতে পারেন।

২. তাড়াসন বা পর্বত ভঙ্গি
প্রথমে সোজা হয়ে দাঁড়ান। দুই পা পাশাপাশি বা কোমরের সমান দূরত্বে রাখুন। এবার শ্বাস নিতে নিতে দুই হাত মাথার ওপর তুলুন। দুই হাতের আঙুল জড়িয়ে তালু ওপরের দিকে ঘুরিয়ে দিন। এরপর গোড়ালি মাটি থেকে তুলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়ান। পুরো শরীর ওপরের দিকে টানটান করে ৩০ সেকেন্ড থেকে এক মিনিট থাকুন। পরে ধীরে গোড়ালি ও হাত নামিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। এভাবে দুই থেকে তিনবার করতে পারেন।

৩. ত্রিয়ক তাড়াসন বা দুলন্ত গাছের ভঙ্গি
দুই পা কাঁধের সমান দূরত্বে রেখে সোজা হয়ে দাঁড়ান। দুই হাত মাথার ওপর তুলে আঙুল জড়িয়ে তালু ওপরের দিকে রাখুন। এবার কোমর থেকে শরীরের ওপরের অংশ ডান দিকে বাঁকান। ১৫ থেকে ৩০ সেকেন্ড পর সোজা হয়ে বাঁ দিকেও একইভাবে বাঁকান। এ সময় হাত সোজা রাখবেন এবং শরীর সামনে বা পেছনে ঝুঁকতে দেবেন না। এভাবে তিন থেকে পাঁচবার করুন।

৪. বৃক্ষাসন বা গাছের ভঙ্গি
সোজা হয়ে দাঁড়িয়ে শরীরের ভার এক পায়ের ওপর রাখুন। অন্য পা তুলে দাঁড়ানো পায়ের ভেতরের উরুতে রাখুন। তবে পা হাঁটুর ওপর রাখা যাবে না। এবার বুকের সামনে দুই হাত জোড় করুন। ভারসাম্য রাখতে পারলে হাত মাথার ওপরও তুলতে পারেন। ১৫ থেকে ৩০ সেকেন্ড এভাবে থেকে অন্য পায়েও একই অনুশীলন করুন। এই আসনে শরীরের ভারসাম্য ধরে রাখার চর্চা হয়।

৫. বিড়ালের ভঙ্গি
প্রথমে দুই হাত ও দুই হাঁটুর ওপর ভর দিয়ে মেঝেতে অবস্থান নিন। দুই হাত থাকবে কাঁধের ঠিক নিচে এবং হাঁটু কোমরের নিচে। এবার শ্বাস নিতে নিতে মাথা ওপরে তুলুন এবং পিঠ নিচের দিকে বাঁকান। এরপর শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচু করে থুতনি বুকের দিকে আনুন এবং পিঠ ওপরের দিকে গোল করুন। শ্বাস নেওয়া ও ছাড়ার সঙ্গে মিল রেখে এভাবে পাঁচ থেকে ১০ বার করুন।

৬. উটের ভঙ্গি
মেঝেতে হাঁটু গেড়ে সোজা হয়ে বসুন। দুই হাঁটু কোমরের সমান দূরত্বে রাখুন। দুই হাত কোমরের পেছনে রেখে শ্বাস নিতে নিতে বুক ওপরের দিকে তুলুন এবং ধীরে পেছনে বাঁকুন। সামর্থ্য থাকলে দুই হাত দিয়ে পায়ের গোড়ালি ধরুন। ২০ থেকে ৩০ সেকেন্ড এ অবস্থায় থেকে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন।

৭. পর্বতাসন পাহাড়ের ভঙ্গি
হাঁটু ভাঁজ করে গোড়ালির ওপর বসতে হবে। এবার শ্বাস নিতে নিতে দুই হাত মাথার ওপর তুলুন এবং দুই হাতের তালু একসঙ্গে জোড় করুন। হাত ও পিঠ সোজা রেখে শরীর ওপরের দিকে প্রসারিত করুন। ২০ থেকে ৩০ সেকেন্ড এভাবে থাকার পর শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে আনুন।

৮. খরগোশের ভঙ্গি
প্রথমে বজ্রাসনে বসে দুই হাত মাথার ওপর তুলুন। এবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে কপাল মেঝেতে রাখুন। দুই হাত সামনের দিকে প্রসারিত করুন এবং নিতম্ব গোড়ালির ওপর রাখুন। ২০ থেকে ৩০ সেকেন্ড এ অবস্থায় থেকে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন।

৯. সুখাসন 
মেঝেতে পা ভাঁজ করে আরাম করে বসুন। মেরুদণ্ড সোজা রাখুন এবং দুই হাত হাঁটুর ওপর রাখুন। চোখ বন্ধ করে ধীরে নাক দিয়ে শ্বাস নিন ও ছাড়ুন। এ অবস্থায় অনুলোম-বিলোম বা ভ্রমরী প্রাণায়াম অনুশীলন করতে পারেন। এতে শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দেওয়া সহজ হয় এবং মন শান্ত রাখতে সহায়তা করে।

সকালে যোগব্যায়াম করার উপকারিতা:
সকালে যোগব্যায়াম করলে দিনের শুরুটা হতে পারে আরও সতেজ ও স্বস্তিদায়ক। নিয়মিত অনুশীলনে শরীরের পেশি ও জয়েন্টের জড়তা কমে এবং নমনীয়তা বাড়ে। পাশাপাশি রক্ত চলাচল ও শরীরে অক্সিজেন সরবরাহে সহায়তা করে এসব ব্যায়াম।

তবে সব যোগব্যায়াম সবার জন্য উপযোগী নয়। নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী আসন বেছে নেওয়া জরুরি। কোনো আসন করতে গিয়ে ব্যথা বা অস্বস্তি হলে জোর করে তা করা উচিত নয়। কোমর, ঘাড়, হাঁটু বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে যোগব্যায়াম শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।