১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪

হঠাৎ কেনো ওজন বাড়ছে?

ওয়াটার রিটেনশন  © সংগৃহীত

শরীরের ওজন হঠাৎ বেড়ে যাওয়া, হাত-পা কিংবা মুখ ফুলে যাওয়া এবং শরীরে ভারী ভাব অনুভূত হওয়াকে অনেকেই স্থূলতা বা মেদ বেড়ে যাওয়ার লক্ষণ মনে করেন। তবে সব সময় এর কারণ স্থূলতা নয়। শরীরে অতিরিক্ত তরল জমে যাওয়ার কারণেও এমনটা হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় ওয়াটার রিটেনশন বা শরীরে পানি জমা।

ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. চঞ্চল শর্মার মতে, হঠাৎ বা কোনো স্পষ্ট কারণ ছাড়াই ওজন বেড়ে যাওয়া শরীরের অভ্যন্তরীণ হরমোনের ভারসাম্যহীনতা এবং দুর্বল বিপাকক্রিয়ার একটি অন্যতম প্রধান লক্ষণ।

শরীরে পানি জমা কী?
শরীরের বিভিন্ন টিস্যুতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তরল জমা হলে তাকে ওয়াটার রিটেনশন বলা হয়। এর ফলে শরীরের নির্দিষ্ট কিছু অংশ, বিশেষ করে পা, গোড়ালি, হাত ও মুখ ফুলে যেতে পারে। এ অবস্থায় শরীরে ভারী ভাব, জয়েন্টে শক্তভাব এবং দ্রুত ওজন বেড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।

বিশেষজ্ঞের মতে, নারীদের মধ্যে এ সমস্যা তুলনামূলক বেশি দেখা যায়। বিশেষ করে মাসিকের আগে হরমোনের পরিবর্তন কিংবা গর্ভাবস্থায় শরীরে পানি জমতে পারে। এ ছাড়া অতিরিক্ত লবণ খাওয়া, পর্যাপ্ত পানি পান না করা এবং দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকাও এর কারণ হতে পারে। হৃদযন্ত্র, কিডনি ও যকৃতের বিভিন্ন সমস্যার কারণেও শরীরে অতিরিক্ত তরল জমতে পারে।

শরীরে পানি জমা কমাতে যা করবেন:
শরীরে অতিরিক্ত পানি জমা এড়াতে জীবনযাপনে কিছু পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ক্ষেত্রে খাবারে লবণের পরিমাণ কমানো, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত হালকা ব্যায়াম করা গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় একই অবস্থানে বসে না থেকে মাঝেমধ্যে হাঁটাচলা করাও প্রয়োজন।

ফোলা কমাতে ঘরোয়া ৫টি উপায়

১. লবণ ও প্রক্রিয়াজাত খাবার কমান: খাবারে অতিরিক্ত লবণ শরীরে পানি জমার প্রবণতা বাড়াতে পারে। তাই লবণ গ্রহণ কমানোর পাশাপাশি জাঙ্ক ফুড, ক্যানজাত খাবার ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।

২. পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খাবার খান: কলা, অ্যাভোকাডো, সবুজ শাকসবজি, দই ও বিভিন্ন বাদাম খাদ্যতালিকায় রাখতে পারেন। এসব খাবারের খনিজ উপাদান শরীরের তরলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

৩. পর্যাপ্ত পানি পান করুন: শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। এতে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত লবণ বের হতে সহায়তা করে।

৪. শারীরিক পরিশ্রম বাড়ান: নিয়মিত হাঁটাচলা ও হালকা ব্যায়াম রক্ত সঞ্চালন এবং লসিকাতন্ত্রের কার্যক্রম সচল রাখতে সহায়তা করে। ফলে শরীরে তরল জমে থাকার প্রবণতা কমতে পারে।

৫. কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করুন: প্রতিবেদনে কুলথি ডালের পানি ও পার্সলে খাওয়ার কথা বলা হয়েছে। এগুলোকে প্রাকৃতিক মূত্রবর্ধক হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞ। এ ছাড়া ঠান্ডা পানিতে গোসল এবং হালকা মালিশ রক্ত সঞ্চালনে সহায়তা করতে পারে।

ফোলা স্থানে গরম নাকি ঠান্ডা সেঁক:
শরীরের কোনো অংশ হঠাৎ ফুলে গেলে সেখানে ঠান্ডা সেঁক দেওয়া যেতে পারে। এতে ফোলা ও ব্যথা কমতে সহায়তা করতে পারে। অন্যদিকে, নতুন করে ফুলে যাওয়া স্থানে গরম সেঁক দিলে রক্ত সঞ্চালন বেড়ে ফোলা ও ব্যথা আরও বাড়তে পারে। তবে শরীরের কোনো অংশ দীর্ঘ সময় ফুলে থাকলে কিংবা হঠাৎ ওজন বেড়ে যাওয়ার সঙ্গে অন্য উপসর্গ দেখা দিলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। কারণ, এর পেছনে হৃদযন্ত্র, কিডনি বা যকৃতের গুরুতর সমস্যা থাকতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।