ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ দুটিই কিডনি রোগের গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। দীর্ঘদিন রক্তে শর্করা বেশি থাকলে কিডনির ছোট ছোট রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপও কিডনিতে রক্ত সরবরাহকারী রক্তনালির ক্ষতি করে। এতে ধীরে ধীরে কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এ দুই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের শুধু ওষুধের ওপর নির্ভর করলেই চলবে না, নজর দিতে হবে প্রতিদিনের খাবার ও জীবনযাপনের অভ্যাসেও।
কিডনির সমস্যা আরও জটিল করে তুলতে পারে খাদ্যাভ্যাসের কিছু ভুল। অতিরিক্ত লবণ, প্রক্রিয়াজাত খাবার এবং প্রয়োজনের তুলনায় বেশি প্রোটিন গ্রহণ এ ক্ষেত্রে ঝুঁকি বাড়াতে পারে। তবে কিডনি ভালো রাখতে সব ধরনের খাবার বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং কিডনির কার্যক্ষমতা, রক্তে বিভিন্ন খনিজের মাত্রা এবং শারীরিক অবস্থা বুঝে খাদ্যতালিকা সাজানো জরুরি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবিটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেস (এনআইডিডিকে) এবং কিডনি রোগবিষয়ক আন্তর্জাতিক সংস্থা কিডনি ডিজিজ: ইমপ্রুভিং গ্লোবাল আউটকামসের (কেডিআইজিও) নির্দেশনায়ও ব্যক্তিভেদে খাদ্যাভ্যাস নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
লবণ কমাতে হবে:
কিডনি সুস্থ রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে খাবারে লবণের পরিমাণ কমানো জরুরি। অতিরিক্ত সোডিয়াম শরীরে পানি ধরে রাখতে পারে। এতে রক্তচাপ বেড়ে যাওয়ার পাশাপাশি শরীরে পানি জমে হাত-পা ফুলে যাওয়ার আশঙ্কা থাকে। এর চাপ পড়ে কিডনি ও হৃদ্যন্ত্রের ওপর।
কেডিআইজিওর ২০২৪ সালের নির্দেশনায় দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের দৈনিক সোডিয়াম গ্রহণ দুই গ্রামের কম রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এটি সাধারণ খাবার লবণের হিসাবে দিনে পাঁচ গ্রামের কম। তবে রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসক ভিন্ন পরামর্শ দিতে পারে। রান্নায় লবণ কম দেওয়ার পাশাপাশি আচার, পাঁপড়, চিপস, চানাচুর, নোনতা বিস্কুট, প্রক্রিয়াজাত মাংস এবং প্যাকেটজাত খাবার খাওয়ার পরিমাণ কমাতে হবে। এসব খাবারে অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি সোডিয়াম থাকে। সস ও বিভিন্ন প্যাকেটজাত মসলাতেও লবণ থাকতে পারে। তাই খাবারের উপাদান ও পুষ্টিমান দেখে কেনার অভ্যাস করা ভালো।
পরিমিত প্রোটিন:
শরীরের পেশি ও বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রোটিন প্রয়োজন। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ও বিভিন্ন উদ্ভিজ্জ খাবার থেকে প্রোটিন পাওয়া যায়। তবে কিডনির কার্যক্ষমতা কমে গেলে প্রোটিন ভাঙার পর তৈরি হওয়া বর্জ্য শরীর থেকে বের করে দিতে কিডনিকে বেশি কাজ করতে হয়।
কেডিআইজিওর নির্দেশনায় মাঝারি থেকে গুরুতর পর্যায়ের দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক প্রতি কেজি শরীরের ওজনের জন্য প্রায় ০ দশমিক ৮ গ্রাম প্রোটিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। কিডনির সমস্যা থাকলেই প্রোটিন কমিয়ে দিতে হবে। প্রয়োজনের তুলনায় কম প্রোটিন গ্রহণ করলে অপুষ্টি ও পেশির ক্ষয় হতে পারে। আবার ডায়ালাইসিসে থাকা রোগীদের প্রোটিনের চাহিদা ভিন্ন হতে পারে। তাই ওজন, কিডনির কার্যক্ষমতা ও চিকিৎসার ধরন বিবেচনায় চিকিৎসক বা কিডনি বিষয়ে অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শে প্রোটিনের পরিমাণ নির্ধারণ করা উচিত।
ভাত, রুটি ও ডাল বাদ দেওয়ার প্রয়োজন নেই:
ডায়াবেটিস থাকলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভাত, রুটি ও অন্যান্য শর্করাজাতীয় খাবার পরিমিত খাওয়া জরুরি। একবারে বেশি পরিমাণে ভাত বা রুটি খেলে রক্তে শর্করা বেড়ে যেতে পারে। তাই ব্যক্তির শারীরিক অবস্থা ও দৈনিক ক্যালরির চাহিদা অনুযায়ী খাবারের পরিমাণ ঠিক করতে হবে।
অন্যদিকে, ডাল ও শাকসবজি পুষ্টির ভালো উৎস। কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে অনেক খাবারেই বিশেষ বিধিনিষেধের প্রয়োজন হয় না। তবে কিডনির কার্যক্ষমতা কমে গেলে কিছু খাবারের পটাশিয়াম ও ফসফরাস নিয়ন্ত্রণ করতে হতে পারে। এ ক্ষেত্রে কোন ধরনের ডাল, শাকসবজি বা ফল কতটুকু খাওয়া যাবে, তা রক্ত পরীক্ষার ফলের ওপর নির্ভর করে।
পটাশিয়ামযুক্ত খাবারে সতর্কতা:
পটাশিয়াম হৃদযন্ত্র ও পেশির স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় একটি খনিজ। তবে কিডনি ঠিকভাবে কাজ না করলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে। অতিরিক্ত পটাশিয়াম হৃদ্স্পন্দনে বিপজ্জনক সমস্যা তৈরি করতে পারে। কলা, কমলা, আলু, টমেটোসহ বিভিন্ন খাবারে পটাশিয়াম থাকে। তবে কিডনি রোগীদের সবার জন্য এসব খাবার নিষিদ্ধ নয়। রক্তে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক থাকলে অনেক ক্ষেত্রেই এগুলো পরিমিত খাওয়া যায়। কিন্তু পরীক্ষায় পটাশিয়াম বেশি পাওয়া গেলে চিকিৎসক নির্দিষ্ট কিছু খাবার কমানোর পরামর্শ দিতে পারেন।
প্রক্রিয়াজাত খাবার কমান:
প্যাকেটজাত খাবার, ফাস্টফুড, প্রক্রিয়াজাত মাংস ও কোমল পানীয়তে অতিরিক্ত লবণ, চিনি, অস্বাস্থ্যকর চর্বি কিংবা ফসফরাসযুক্ত উপাদান থাকতে পারে। বিশেষ করে প্রক্রিয়াজাত খাবারে ব্যবহৃত ফসফরাসের কিছু যৌগ শরীরে সহজে শোষিত হয়। কিডনির কার্যক্ষমতা কমে গেলে রক্তে ফসফরাস জমে হাড় ও রক্তনালির সমস্যা তৈরি করতে পারে। তাই যতটা সম্ভব তাজা ও কম প্রক্রিয়াজাত খাবার বেছে নেওয়া ভালো।
পরীক্ষা করাতে হবে নিয়মিত:
কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণ দেখা যায় না। ফলে শরীরে সমস্যা তৈরি হলেও আক্রান্ত ব্যক্তি তা বুঝতে পারেন না। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে নিয়মিত কিডনির কার্যক্ষমতা পরীক্ষা করানো বিশেষ গুরুত্বপূর্ণ।
এ ক্ষেত্রে দুটি পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ। প্রথমটি হলো রক্তে সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা, যার মাধ্যমে ইজিএফআর (eGFR) বা কিডনি কতটা রক্ত পরিশোধন করতে পারছে, তার আনুমানিক হিসাব পাওয়া যায়। দ্বিতীয়টি হলো প্রস্রাবে অ্যালবুমিন-টু-ক্রিয়েটিনিন অনুপাত (UACR) পরীক্ষা। কিডনি ক্ষতিগ্রস্ত হলে প্রস্রাবের সঙ্গে অ্যালবুমিন বের হতে পারে। এই দুই পরীক্ষার মাধ্যমে কিডনির সমস্যা প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব।