চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
বিশ্বব্যাপী বর্তমানে ১০০ থেকে ১৫০ কোটি মানুষ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া বা বংশগত চুল পড়ার সমস্যায় ভুগছেন, ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের (এনএলএম) তথ্যমতে জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রায় ৮০ শতাংশ পুরুষ ও ৫০ শতাংশ নারী এই সমস্যার সম্মুখীন হন। উৎসব, বিয়ে কিংবা পারিবারিক অনুষ্ঠানে নিজেকে সুন্দর দেখাতে অনেকেই চুলে নানা ধরনের স্টাইল করেন। নিয়মিত ব্লো-ড্রায়ার, হেয়ার স্ট্রেইটনার, কার্লার ব্যবহার এবং শক্ত করে চুল বাঁধার কারণে চুলের ক্ষতি হতে পারে। এমনকি আগে থেকে চুল পড়ার সমস্যা থাকলে তা আরও বাড়তে পারে। তাই চুলের সৌন্দর্যের পাশাপাশি মাথার ত্বক ও চুলের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি।
চুল পাতলা হওয়া ও চুল পড়ার সমস্যা মোকাবিলায় এক্সোসোম হেয়ার ট্রিটমেন্টের বিষয়টিও এখন নতুনভাবে আলোচিত।
এক্সোসোম থেরাপি কী?
এক্সোসোম হেয়ার ট্রিটমেন্ট চুলের চিকিৎসায় ব্যবহৃত একটি উদীয়মান পদ্ধতি। এক্সোসোম হলো অতি ক্ষুদ্র জৈব উপাদান, যাতে গ্রোথ ফ্যাক্টর, প্রোটিন ও বিভিন্ন সংকেতবাহী অণু থাকে। এগুলো কোষের মধ্যে যোগাযোগ এবং টিস্যুর পুনর্গঠন প্রক্রিয়ায় ভূমিকা রাখে। এই পদ্ধতিতে মাথার ত্বকের নির্দিষ্ট স্থানে এক্সোসোম প্রয়োগ করা হয়। এর উদ্দেশ্য হলো চুলের ফলিকলের কার্যক্রমে সহায়তা করা এবং মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখা। চুল পাতলা হয়ে যাওয়া, ঘনত্ব কমে যাওয়া কিংবা প্রাথমিক পর্যায়ের চুল পড়ার সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসক এটি বিবেচনা করতে পারেন।
যেসব সমস্যায় বিবেচনা করা হয়
চুলের ঘনত্ব কমে যাওয়া, দুর্বল ফলিকল এবং প্রাথমিক পর্যায়ের চুল পড়ার সমস্যায় এক্সোসোম থেরাপির সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা হচ্ছে। পুরুষ ও নারীর প্যাটার্ন হেয়ার লসের ক্ষেত্রেও এটি বিবেচনা করা হতে পারে। তবে কারও চুল পড়ার ধরন, মাথার ত্বকের অবস্থা ও শারীরিক পরিস্থিতি বিবেচনা করেই চিকিৎসার সিদ্ধান্ত নিতে হয়। সবার জন্য একই চিকিৎসা উপযুক্ত নাও হতে পারে।
কীভাবে দেওয়া হয় এই চিকিৎসা
প্রথমে বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর চুল পড়ার ধরন, মাথার ত্বকের অবস্থা এবং চিকিৎসার উপযোগিতা যাচাই করেন। এরপর ব্যক্তির প্রয়োজন অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা তৈরি করা হয়। পরবর্তী ধাপে উপযুক্ত পদ্ধতিতে মাথার ত্বকের নির্দিষ্ট স্থানে এক্সোসোম প্রয়োগ করা হয়। চিকিৎসার পর নিয়মিত পর্যবেক্ষণ ও পরামর্শের মাধ্যমে অগ্রগতি মূল্যায়ন করা হয়। এটি অস্ত্রোপচারভিত্তিক পদ্ধতি নয়। এতে কাটা বা সেলাইয়ের প্রয়োজন হয় না এবং সাধারণত দীর্ঘ সময় সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করতে হয় না।
চুলের ক্ষতি এড়াতে যা করবেন
অনুষ্ঠানের আগে বারবার চুলে তাপ প্রয়োগ, অতিরিক্ত ব্লো-ড্রাই করা এবং শক্ত করে চুল বাঁধা থেকে বিরত থাকা ভালো। এসব অভ্যাস চুলের ক্ষতি ও ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়াতে পারে। চুলের যত্নে কোমল পদ্ধতি অনুসরণ করা, অতিরিক্ত তাপ ব্যবহার কমানো এবং চুল পড়ার সমস্যা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
এক্সোসোম থেরাপি কি নিশ্চিত সমাধান
এক্সোসোম থেরাপি চুল পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি উদীয়মান চিকিৎসাপদ্ধতি হলেও এর কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিয়ে গবেষণা এখনো চলমান। এর চিকিৎসার ফল ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। এ কারণে এ ধরনের চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল সোসাইটি অব হেয়ার রেস্টোরেশন সার্জারি ও আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির পরিসংখ্যান অনুযায়ী, ৩৫ বছর বয়সের মধ্যেই প্রায় ৪০ শতাংশ পুরুষ এবং ৪০ বছর বয়সের মধ্যে প্রায় ৪০ শতাংশ নারীর চুল পড়ার লক্ষণ স্পষ্ট হয়, যা বয়সের সাথে বেড়ে ৮০ বছর নাগাদ পুরুষদের ক্ষেত্রে ৮০ থেকে ৮৫ পর্যন্ত পৌঁছায়। একজন সুস্থ মানুষের প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক হলেও, পুরুষদের ৯৫ পেছনে চুল পড়ার পেছনে বংশগত কারণ দায়ী এবং বিশ্বব্যাপী প্রায় ২ শতাংশ মানুষ অটোইমিউনজনিত অ্যালোপেসিয়া এরিয়াটায় আক্রান্ত।