একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
প্রচণ্ড গরমে অনেক ঘরেই সিলিং ফ্যানের সুইচ আর বন্ধ হয় না। ঘুমের সময়, কাজের সময়, এমনকি বাসায় কেউ না থাকলেও ঘণ্টার পর ঘণ্টা ঘুরতে থাকে ফ্যান। কিন্তু একটানা এত দীর্ঘ সময় চললে কি ফ্যান ক্ষতিগ্রস্ত হয়? ফ্যান ব্যবহার নিয়ে এমন প্রশ্ন বহুদিনের। কেউ বলেন, ফ্যানেরও বিশ্রাম প্রয়োজন; আবার কেউ মনে করেন, ভালো মানের ফ্যান বছরের পর বছর নিরবচ্ছিন্নভাবে চলতে পারে।
তাহলে আসল সত্য কী? একটানা কতক্ষণ সিলিং ফ্যান চালানো নিরাপদ, কখন সতর্ক হওয়া উচিত এবং কোন ভুলগুলো ফ্যানকে দ্রুত নষ্ট করে?
একটানা ফ্যান চালানো কি ক্ষতিকর?
আধুনিক সিলিং ফ্যান দীর্ঘ সময় চালানোর জন্যই তৈরি। তবে একটানা দীর্ঘ সময় চালালে ফ্যানের ওপর চাপ পড়ে, বিশেষ করে যদি সেটি পুরোনো হয় বা নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা হয়। ফ্যানের ভেতরের মোটর ক্রমাগত কাজ করতে থাকলে তাপ উৎপন্ন হয়, যা ধীরে ধীরে ওভারহিটিংয়ের ঝুঁকি তৈরি করতে পারে।
কতক্ষণ পরপর ফ্যান বন্ধ রাখা উচিত?
সাধারণভাবে পরামর্শ দেওয়া হয় ৬ থেকে ৮ ঘণ্টা পর অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ফ্যান বন্ধ রাখা ভালো এতে মোটর ঠান্ডা হওয়ার সুযোগ পায়, দীর্ঘমেয়াদে ফ্যানের কর্মক্ষমতা বজায় থাকে, বিশেষ করে পুরোনো বা কম মানের ফ্যান হলে এই নিয়ম আরও গুরুত্বপূর্ণ।
ফ্যান কেন গরম হয়?
ফ্যানের মোটর যখন বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে (ঘূর্ণনে) রূপান্তর করে, তখন কিছু শক্তি তাপে পরিণত হয়। এই তাপই ধীরে ধীরে ফ্যানকে গরম করে তোলে। যদি ভোল্টেজ ওঠানামা করে, ফ্যানের ভেতরে ধুলা জমে বা বেয়ারিং নষ্ট হয়ে যায় তাহলে ফ্যান দ্রুত গরম হতে পারে।
একটানা ব্যবহারে কী কী সমস্যা হতে পারে?
মোটরের কয়েল পুড়ে যাওয়া, ভেতরের তার ক্ষতিগ্রস্ত হওয়া, ফ্যানের গতি কমে যাওয়া, অস্বাভাবিক শব্দ বা কম্পন তৈরি হওয়াসহ বিভিন্ন সমস্যা হতে পারে।
ফ্যান ভালো রাখতে যা করবেন-
১. নিয়মিত পরিষ্কার: প্রতি মাসে অন্তত একবার ব্লেড পরিষ্কার করলে বাতাসের গতি বাড়ে এবং মোটরের ওপর চাপ কমে।
২. ভোল্টেজ ঠিক রাখা: ভোল্টেজের ওঠানামা ফ্যানের বড় ক্ষতি করে। প্রয়োজনে স্ট্যাবিলাইজার ব্যবহার করতে পারেন।
৩. রেগুলেটর ঠিক রাখা: পুরোনো রেগুলেটর অনেক সময় বেশি বিদ্যুৎ খরচ করে এবং ফ্যানের ওপর চাপ বাড়ায়। তাই এটি সবসময় ভালো ব্যবহার করতে হবে।
৪. অয়েলিং বা সার্ভিসিং: পুরোনো ফ্যান হলে বছরে অন্তত একবার সার্ভিসিং করানো ভালো।
৫. অপ্রয়োজনে চালিয়ে রাখবেন না: ঘরে কেউ না থাকলে ফ্যান বন্ধ রাখলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি যন্ত্রের আয়ুও বাড়ে।
আধুনিক ফ্যান কি নিরাপদ?
বর্তমানে অনেক এনার্জি-সেভিং বা বিএলডিসি ফ্যান বাজারে পাওয়া যায়, যেগুলো কম গরম হয় এবং দীর্ঘ সময় চালালেও তুলনামূলক কম ক্ষতি হয়। তবুও মাঝেমধ্যে বিরতি দেওয়া ভালো অভ্যাস।