প্রাইভেসি সেটিংসে বড় পরিবর্তন আনল জেমিনি, জেনে নিন এখানে
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি ব্যবহারকারীদের কথোপকথন সংরক্ষণ ও এআই মডেল প্রশিক্ষণে ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে। এখন ব্যবহারকারীরা চ্যাট হিস্ট্রি চালু রেখেও নিজেদের কথোপকথন এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহার করা বন্ধ করতে পারবেন। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে জেমিনাই ব্যবহারকারীদের এই সেটিংস পরিবর্তনের পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
সম্প্রতি জেমিনাইয়ের মডেল ও এআই এজেন্টে বেশ কিছু পরিবর্তন এনেছে গুগল। এর মধ্যে জেমিনাই স্পার্ক এজেন্টের নাম পরিবর্তন করে টাস্কস রাখা হয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় যুক্ত হয়েছে নতুন একটি সেটিংস। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম পিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
চ্যাটের তথ্য এআই প্রশিক্ষণে ব্যবহার বন্ধের সুযোগ
চ্যাটজিপিটি ও ক্লড ব্যবহারকারীরা আগে থেকেই নিজেদের কথোপকথন এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহার করা বন্ধ করার সুযোগ পেয়ে আসছেন। এ জন্য চ্যাটজিপিটির সেটিংসে গিয়ে ডেটা কন্ট্রোলস এবং ক্লডের ক্ষেত্রে প্রাইভেসি অপশনে প্রবেশ করে ‘হেল্প ইমপ্রুভ আওয়ার মডেলস’ সুবিধাটি বন্ধ করতে হয়।
তবে জেমিনাই ব্যবহারকারীদের জন্য এত দিন বিষয়টি সহজ ছিল না। কারণ, গুগল জেমিনাইয়ের ‘হেল্প ইমপ্রুভ আওয়ার মডেলস’ সেটিংসের সঙ্গে চ্যাট হিস্ট্রি যুক্ত রেখেছিল। ফলে এআই প্রশিক্ষণে নিজের কথোপকথন ব্যবহারের অনুমতি বন্ধ করতে গেলে চ্যাট হিস্ট্রিও বন্ধ করতে হতো। এতে আগের কথোপকথন সংরক্ষণ ও পরে সেখান থেকে আবার আলোচনা চালিয়ে যাওয়ার সুবিধা হারানোর আশঙ্কা ছিল।
নতুন পরিবর্তনের ফলে এই সমস্যার সমাধান হয়েছে। এখন চ্যাট হিস্ট্রি চালু রেখেই এআই মডেলের প্রশিক্ষণে নিজের কথোপকথনের তথ্য ব্যবহার বন্ধ করা যাবে। গুগল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য নতুন সেটিংস চালু করা হবে। ফলে কারও অ্যাকাউন্টে এখনো আলাদা নিয়ন্ত্রণের অপশন দেখা না গেলেও শিগগিরই তা পাওয়া যেতে পারে।
যেভাবে বন্ধ করবেন এআই প্রশিক্ষণে তথ্য ব্যবহারের সুবিধা
জেমিনাইয়ের ব্যবহারকারীরা গুগলের মাই অ্যাক্টিভিটি পেজে গিয়ে এই সেটিংস পরিবর্তন করতে পারবেন। এ জন্য প্রথমে জেমিনাই হিস্ট্রি সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর হিস্ট্রি অপশনটি চালু আছে কি না, তা নিশ্চিত করতে হবে।
এরপর ‘হেল্প ট্রেইন জেনারেটিভ এআই মডেলস উইথ’ শিরোনামের অংশে গিয়ে ‘চ্যাট কনটেন্ট ইনক্লুডিং টেক্সট অ্যান্ড অ্যাটাচমেন্টস’ অপশনের টিক চিহ্ন তুলে দিতে হবে। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ‘অডিও অ্যান্ড জেমিনাই লাইভ ভিডিওস অ্যান্ড স্ক্রিনশটস’ অপশনটিও বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এতে ব্যবহারকারীর চ্যাট হিস্ট্রি চালু থাকবে, কিন্তু কথোপকথনের লেখা, সংযুক্ত ফাইল, অডিও ও জেমিনাই লাইভের ভিডিও-স্ক্রিনশট এআই মডেল প্রশিক্ষণে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
কেন এআই প্রশিক্ষণে ব্যক্তিগত তথ্য ব্যবহার বন্ধ করবেন?
এআই চ্যাটবটে ব্যবহারকারীরা প্রতিদিন নানা ধরনের ব্যক্তিগত তথ্য শেয়ার করেন। এর মধ্যে থাকতে পারে ই-মেইল ঠিকানা, লগইন তথ্য, ব্যক্তিগত নথি, আইনি চুক্তি কিংবা চিকিৎসাসংক্রান্ত তথ্য।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই মডেল প্রশিক্ষণে ব্যবহারের আগে ব্যবহারকারীদের ব্যক্তিগত শনাক্তযোগ্য তথ্য বা পার্সোনালি আইডেন্টিফায়েবল ইনফরমেশন (পিআইআই) সরিয়ে ফেলার চেষ্টা করে বলে জানায়। তবে এরপরও তথ্যের গোপনীয়তা নিয়ে ঝুঁকি থেকে যায়।
বিশেষ করে অসৎ ব্যক্তিরা ক্ষতিকর বা কৌশলী প্রম্পট ব্যবহার করে এআই মডেলের প্রশিক্ষণে থাকা তথ্য বের করে আনার চেষ্টা করতে পারে। এ ধরনের ঘটনায় ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য প্রকাশের আশঙ্কা থাকে। তাই ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় এআই মডেল প্রশিক্ষণে নিজেদের কথোপকথন ব্যবহারের অনুমতি বন্ধ রাখাকে নিরাপদ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
হিস্ট্রি বন্ধ করলেও তথ্য সংরক্ষণ করতে পারে গুগল
এআই মডেল প্রশিক্ষণে তথ্য ব্যবহারের অনুমতি বন্ধ করলেই যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যবহারকারীর কথোপকথন সংরক্ষণ করবে না, বিষয়টি এমন নয়। চ্যাট মুছে ফেলার পরও নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনে নির্দিষ্ট সময় পর্যন্ত তথ্য সংরক্ষণ করতে পারে প্রতিষ্ঠানগুলো।
সম্প্রতি গুগল জেমিনাইয়ের তথ্য সংরক্ষণ নীতিতেও পরিবর্তন এনেছে। আগে হিস্ট্রি বন্ধ থাকলে ব্যবহারকারীদের কথোপকথনের তথ্য ৭২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণের কথা বলা হয়েছিল। নতুন নীতি অনুযায়ী, নিরাপত্তা ও সুরক্ষার প্রয়োজনে গুগল এখন এসব তথ্য প্রায় দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারে।
গুগলের ভাষ্য অনুযায়ী, অপব্যবহারের নতুন ও জটিল পরিস্থিতি শনাক্ত করা, প্রতিবেদন তৈরি এবং তদন্তের কাজে এসব তথ্য সংরক্ষণ করা হতে পারে।
অন্যদিকে, ওপেনএআই ও অ্যানথ্রোপিক জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের কথোপকথন সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকতে পারে। তবে নিরাপত্তা ও আইনি প্রয়োজনে এ সময়ের চেয়ে বেশি সময়ও তথ্য সংরক্ষণের ব্যতিক্রমী সুযোগ রয়েছে। অর্থাৎ, এআই মডেল প্রশিক্ষণে নিজের কথোপকথন ব্যবহারের অনুমতি বন্ধ করলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বাড়তে পারে।
তবে এর অর্থ এই নয় যে, এআই প্রতিষ্ঠানের সার্ভার থেকে ব্যবহারকারীর সব কথোপকথন তাৎক্ষণিকভাবে মুছে যাবে কিংবা তথ্য পুরোপুরি ব্যক্তিগত থাকবে। তাই এআই চ্যাটবটে পাসওয়ার্ড, আর্থিক তথ্য, চিকিৎসার নথি বা অন্য কোনো সংবেদনশীল তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।