হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ দেখবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠানোর পর অনেকেই সেটি সবার জন্য মুছে দেন। ফলে প্রাপক চ্যাট খুললে মেসেজের পরিবর্তে দেখতে পান ‘দিজ মেসেজ ওয়াজ ডিলিটেড’। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আগে থেকে নোটিফিকেশন হিস্ট্রি চালু থাকলে মুছে ফেলা মেসেজের কিছু অংশ দেখার সুযোগ রয়েছে। এ জন্য আলাদা কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই। ফোনের নিজস্ব সেটিংস ব্যবহার করেই কাজটি করা সম্ভব।
ধরুন, সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হয়েছে। এর মধ্যে তিনি হোয়াটসঅ্যাপে কয়েকটি মেসেজ পাঠিয়ে সেগুলো মুছে দিয়েছেন। চ্যাট খুলে দেখলেন, মেসেজের জায়গায় লেখা রয়েছে ‘দিজ মেসেজ ওয়াজ ডিলিটেড’। তখন স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে হতে পারে, মুছে ফেলা মেসেজে কী লেখা ছিল। এ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশন হিস্ট্রি কাজে আসতে পারে।
নোটিফিকেশন হিস্ট্রিতে যেভাবে দেখবেন মুছে ফেলা মেসেজ
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ থেকে আসা নোটিফিকেশন সংরক্ষণের সুবিধা রয়েছে। ফোনে নোটিফিকেশন হিস্ট্রি আগে থেকেই চালু থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ আসার সময় পাওয়া নোটিফিকেশনের কিছু অংশ সেখানে সংরক্ষিত থাকতে পারে। প্রেরক পরে চ্যাট থেকে মেসেজটি মুছে দিলেও সংরক্ষিত নোটিফিকেশন সাধারণত মুছে যায় না।
এ জন্য প্রথমে ফোনের সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর নোটিফিকেশনস অপশনে গিয়ে নোটিফিকেশন হিস্ট্রি খুঁজে বের করতে হবে। সেখানে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন থাকলে সেটি খুলে মেসেজের দৃশ্যমান অংশ পড়া যাবে।
স্যামসাং ফোনে যেভাবে চালু করবেন
স্যামসাং স্মার্টফোনে নোটিফিকেশন হিস্ট্রি চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—
১. ফোনের সেটিংস খুলুন।
২. নোটিফিকেশনস অপশনে প্রবেশ করুন।
৩. অ্যাডভান্সড সেটিংস নির্বাচন করুন।
৪. নোটিফিকেশন হিস্ট্রিতে প্রবেশ করুন।
৫. অপশনটি বন্ধ থাকলে চালু করে দিন।
এরপর থেকে ফোনে আসা নোটিফিকেশনগুলো হিস্ট্রিতে সংরক্ষিত হওয়ার সুযোগ থাকবে। ফলে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসার পর প্রেরক সেটি মুছে দিলেও নোটিফিকেশন হিস্ট্রিতে তার কিছু অংশ পাওয়া যেতে পারে।
অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে চালু করবেন
স্যামসাং ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একই ধরনের সুবিধা রয়েছে। তবে ফোনের ব্র্যান্ড ও অ্যান্ড্রয়েড সংস্করণ অনুযায়ী সেটিংসের নাম বা অবস্থানে কিছুটা পার্থক্য থাকতে পারে।
এ ক্ষেত্রে—
১. ফোনের সেটিংসে প্রবেশ করুন।
২. নোটিফিকেশন অপশনে ট্যাপ করুন।
৩. নোটিফিকেশন হিস্ট্রি খুঁজে বের করুন। কিছু ফোনে এটি ম্যানেজ বা এ ধরনের অন্য কোনো বিভাগের মধ্যে থাকতে পারে।
৪. অপশনটি বন্ধ থাকলে চালু করে দিন।
নোটিফিকেশন হিস্ট্রি চালু করার পর থেকে ফোনে আসা নোটিফিকেশনগুলো সেখানে সংরক্ষিত হওয়ার সুযোগ তৈরি হবে। তবে সেটিংস চালু করার আগে আসা মেসেজের নোটিফিকেশন সাধারণত সেখানে পাওয়া যাবে না।
যে বিষয়গুলো মনে রাখা জরুরি
এই পদ্ধতিতে হোয়াটসঅ্যাপে মুছে ফেলা সব মেসেজ পড়া সম্ভব নয়। এর জন্য কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।
প্রথমত, মেসেজ আসার সময় ফোনে নোটিফিকেশন হিস্ট্রি চালু থাকতে হবে। আগে থেকে সেটি বন্ধ থাকলে পুরোনো মেসেজের নোটিফিকেশন সাধারণত ফিরে পাওয়া যায় না।
দ্বিতীয়ত, হোয়াটসঅ্যাপের চ্যাট মিউট করা থাকলে কিংবা সংশ্লিষ্ট মেসেজের কোনো নোটিফিকেশন ফোনে না এলে সেটি হিস্ট্রিতে সংরক্ষিত হওয়ার সুযোগ থাকে না।
এ ছাড়া দীর্ঘ মেসেজের সম্পূর্ণ অংশও নোটিফিকেশন হিস্ট্রিতে দেখা যায় না। নোটিফিকেশনে যতটুকু লেখা প্রদর্শিত হয়েছিল, সাধারণত ততটুকুই পড়া সম্ভব। ফলে কোনো মেসেজের পুরো বক্তব্য জানতে এই পদ্ধতি সব সময় কাজে নাও আসতে পারে।
আরেকটি বিষয় হলো, অনেক অ্যান্ড্রয়েড ফোনে নোটিফিকেশন হিস্ট্রি নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষিত থাকে। কিছু ফোনে এই সময়সীমা ২৪ ঘণ্টা। তাই ফোনের মডেল ও সফটওয়্যার সংস্করণ অনুযায়ী নোটিফিকেশন সংরক্ষণের সময়ও ভিন্ন হতে পারে।
অর্থাৎ, হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজের কিছু অংশ দেখতে আলাদা কোনো অ্যাপ ইনস্টল না করেও ফোনের নিজস্ব নোটিফিকেশন হিস্ট্রি ব্যবহার করা যায়। তবে এটি নিশ্চিত কোনো পদ্ধতি নয়। মেসেজ আসার সময় নোটিফিকেশন সংরক্ষিত থাকলেই কেবল এই সুবিধা পাওয়া সম্ভব।