২১ নভেম্বর ২০২৬, ১২:০১

ইউটিউবের রিলের নেশায় ডুবছে শিশু, ইউটিউবের ৫ সেটিংস বদলেই মিলবে সমাধান

খাওয়া-ঘুম ছেড়ে শুধু ইউটিউব রিল দেখতে অভ্যস্থ শিশু  © এআই সৃষ্ট ছবি

শিশু মোবাইল হাতে পেলেই ইউটিউবে একের পর এক রিল বা শর্টস দেখতে শুরু করে। খাওয়া, ঘুম কিংবা পড়াশোনা—সবকিছুতেই এখন মোবাইলের প্রভাব। রিল দেখতে না দিলে শুরু হয় কান্না, জেদ আর চিৎকার। ধীরে ধীরে শিশুর স্বাভাবিক জীবনযাত্রায়ও এর প্রভাব পড়ে। কমে যায় পড়াশোনায় মনোযোগ, ব্যাহত হয় ঘুম ও খাওয়ার অভ্যাস। তবে শুধু বকাঝকা করে এই অভ্যাস বদলানো সম্ভব নয়। বরং ফোন ও ইউটিউবের কয়েকটি সেটিংস পরিবর্তন করে শিশুর স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করা এবং অনুপযুক্ত কনটেন্ট থেকে তাকে দূরে রাখা যায়।

খেতে বসে রিল দেখা, ঘুমানোর আগে মোবাইল হাতে নেওয়া কিংবা কান্না থামাতে শিশুর হাতে ফোন তুলে দেওয়া—এখন অনেক পরিবারেই এমন চিত্র দেখা যায়। শুরুতে অভিভাবকেরা ভাবেন, কিছুক্ষণ ভিডিও দেখলে শিশু শান্ত থাকবে। কিন্তু ধীরে ধীরে সেই কয়েক মিনিটই ঘণ্টার পর ঘণ্টায় গড়ায়।

এর প্রভাব পড়ে শিশুর দৈনন্দিন জীবনে। মোবাইল না পেলে সে জেদ করতে পারে, খাওয়া ও ঘুমে অনীহা দেখাতে পারে। পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে, এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর আগ্রহও হারাতে পারে।

এর পেছনে শুধু শিশুর জেদ দায়ী নয়। ইউটিউবের শর্টস বা রিল এমনভাবে সাজানো, যাতে একটি ভিডিও শেষ হলেই পরের ভিডিও সামনে চলে আসে। ফলে ব্যবহারকারী সহজে ভিডিও দেখা বন্ধ করতে পারে না। শিশুদের ক্ষেত্রে এই আকর্ষণ আরও বেশি কাজ করতে পারে।

এ অবস্থায় শিশুকে বকাঝকা না করে ধীরে ধীরে তার অভ্যাস বদলানো জরুরি। পাশাপাশি মোবাইল ও ইউটিউবের কিছু সেটিংস পরিবর্তন করলে ভিডিও দেখার সময় এবং কনটেন্ট নিয়ন্ত্রণ করা সহজ হয়।

১. সাধারণ ইউটিউবের বদলে ইউটিউব কিডস ব্যবহার করুন

সাধারণ ইউটিউবে শিশুদের উপযোগী ভিডিওর পাশাপাশি নানা ধরনের অনুপযুক্ত কনটেন্টও সামনে আসতে পারে। তাই ছোট শিশুদের জন্য সাধারণ ইউটিউবের বদলে ইউটিউব কিডস ব্যবহার করতে পারেন। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করা যায়।

ইউটিউব কিডসে শিশুর বয়স অনুযায়ী কনটেন্ট বাছাই করার সুযোগ রয়েছে। অভিভাবকেরা চাইলে সার্চ অপশনও বন্ধ রাখতে পারেন। এতে শিশু কী ধরনের ভিডিও দেখছে, তা নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ হবে।

২. অটো-প্লে বন্ধ করে দিন

ইউটিউবে একটি ভিডিও শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে পরের ভিডিও চালু হওয়ার সুবিধাকে অটো-প্লে বলা হয়। এই সুবিধার কারণে শিশু একটি ভিডিও দেখার পর আরেকটি দেখতে থাকে। ফলে কখন যে অনেকটা সময় পেরিয়ে যায়, তা বুঝতে পারে না।

এটি বন্ধ করতে ইউটিউব অ্যাপে গিয়ে সেটিংসে প্রবেশ করুন। এরপর অটো-প্লে অপশন থেকে সেটি বন্ধ করে দিন। এতে একটি ভিডিও শেষ হলে পরবর্তী ভিডিও নিজে থেকে চালু হবে না। ফলে শিশুর ভিডিও দেখা বন্ধ করার সুযোগ তৈরি হবে।

৩. রেস্ট্রিকটেড মোড চালু করুন

ইউটিউবে শিশুদের সামনে অনুপযুক্ত, অশালীন বা হিংসাত্মক কনটেন্ট আসা কমাতে রেস্ট্রিকটেড মোড চালু করতে পারেন।

এ জন্য ইউটিউব অ্যাপে গিয়ে সেটিংস থেকে জেনারেল অপশনে প্রবেশ করুন। সেখানে রেস্ট্রিকটেড মোড চালু করে দিন। এই সেটিংস অনুপযুক্ত কনটেন্টের একটি বড় অংশ ফিল্টার করতে সাহায্য করে। তবে এটি সব ধরনের অনুপযুক্ত ভিডিও আটকাতে পারে না। তাই অভিভাবকদেরও শিশুর দেখা ভিডিওর ওপর নজর রাখা জরুরি।

৪. স্ক্রিন টাইমের সীমা নির্ধারণ করুন

শিশু দিনে কতক্ষণ ইউটিউব ব্যবহার করতে পারবে, তা নির্দিষ্ট করে দিতে পারেন। অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিইং বা প্যারেন্টাল কন্ট্রোল অপশনে গিয়ে ইউটিউব ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা যায়।

যেমন, দিনে ৩০ মিনিট বা এক ঘণ্টা ইউটিউব ব্যবহারের সীমা ঠিক করে দিতে পারেন। নির্ধারিত সময় শেষ হলে অ্যাপ ব্যবহারে বাধা দেওয়া সম্ভব। আইফোনে সেটিংসের স্ক্রিন টাইম অপশন থেকে অ্যাপ লিমিট ব্যবহার করেও একইভাবে সময় বেঁধে দেওয়া যায়।

এ ছাড়া গুগল ফ্যামিলি লিংক অ্যাপ ব্যবহার করে অভিভাবকেরা দূর থেকেও শিশুর ডিভাইস ব্যবহারের সময় এবং বিভিন্ন অ্যাপ ব্যবহারের তথ্য দেখতে পারেন। এতে শিশুর অনলাইন কার্যক্রমের ওপর নজর রাখা সহজ হয়।

৫. শর্টস ফিডের সময়সীমা নির্ধারণ করুন

ইউটিউবের শর্টস ফিডে একের পর এক ছোট ভিডিও দেখা যায়। একটি ভিডিও শেষ হলেই পরেরটি সামনে চলে আসে। ফলে শিশু সহজে এই ভিডিও দেখার অভ্যাস থেকে বের হতে পারে না।

ইউটিউব অ্যাপে শর্টস ফিড ব্যবহারের সময়সীমা নির্ধারণের সুবিধা রয়েছে। অ্যাপটি আপডেট করার পর সেটিংসে গিয়ে টাইম ম্যানেজমেন্ট অপশনে প্রবেশ করুন। সেখানে শর্টস ফিড লিমিট থেকে সময়সীমা নির্ধারণ করতে পারবেন। শূন্য মিনিটের সীমা নির্বাচন করার সুযোগ থাকলে সেটি ব্যবহার করে শর্টস দেখার অভ্যাস কমাতে পারেন। তবে অ্যাপের সংস্করণ ও অ্যাকাউন্টভেদে এই সুবিধার অবস্থান বা বিকল্পে কিছুটা পার্থক্য থাকতে পারে।

শুধু সেটিংস পরিবর্তন করলেই শিশুর মোবাইলের প্রতি আসক্তি একদিনে কমে যাবে না। এ জন্য অভিভাবকদেরও কিছু বিষয়ে সচেতন হতে হবে।

শিশুর মোবাইলের অভ্যাস বদলাবেন যেভাবে

প্রথমত, হঠাৎ করে শিশুর হাত থেকে মোবাইল কেড়ে নেবেন না। সে যদি প্রতিদিন তিন ঘণ্টা ভিডিও দেখে, তাহলে পরদিন থেকেই একেবারে বন্ধ করে দিলে জেদ ও কান্না বেড়ে যেতে পারে। শুরুতে ব্যবহারের সময় অর্ধেক করে দিন। এরপর প্রতিদিন ধীরে ধীরে আরও ১০ মিনিট করে কমিয়ে আনুন।

দ্বিতীয়ত, মোবাইলের বিকল্প হিসেবে শিশুকে অন্য কাজে ব্যস্ত রাখুন। শুধু মোবাইল দেখতে নিষেধ করলেই হবে না, বরং তার সামনে আনন্দের বিকল্প তৈরি করতে হবে। শিশুকে রং করা, গল্পের বই পড়া, লেগো দিয়ে কিছু তৈরি করা, মাটি দিয়ে খেলনা বানানো কিংবা বুদ্ধি খাটানোর খেলায় উৎসাহিত করতে পারেন। সুযোগ থাকলে পার্কে নিয়ে যান। রান্নার সময় নিরাপদ ও বয়স উপযোগী কাজে শিশুকেও যুক্ত করতে পারেন। এতে ধীরে ধীরে মোবাইলের বাইরে সময় কাটানোর আগ্রহ তৈরি হবে।

তৃতীয়ত, খাওয়ার সময় ও ঘুমানোর আগে বাড়িতে নো-স্ক্রিন নিয়ম চালু করুন। শুধু শিশুর জন্য নয়, পরিবারের বড় সদস্যদেরও এ নিয়ম মানতে হবে। কারণ শিশুরা বড়দের দেখেই অনেক অভ্যাস শেখে। অভিভাবকেরা খাওয়ার সময় বা ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করলে শিশুর কাছ থেকেও সেটি না চাওয়ার প্রত্যাশা করা কঠিন।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

মোবাইল না পেলে শিশু যদি প্রচণ্ড রাগ করে, নিজেকে আঘাত করার চেষ্টা করে, ঘুমের অভ্যাস মারাত্মকভাবে বদলে যায় কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা ও মেলামেশা কমিয়ে দেয়, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এ ছাড়া দীর্ঘ সময় স্ক্রিন দেখার কারণে চোখে সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে শিশু মনোরোগ বিশেষজ্ঞ বা শিশু বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন।

শিশু রিল বা শর্টস দেখার অভ্যাসে অতিরিক্ত আসক্ত হয়ে পড়লে অভিভাবকদের নিজেদের ব্যর্থ ভাবার প্রয়োজন নেই। প্রযুক্তির এই সময়ে অনেক পরিবারকেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তবে শিশুর অভ্যাস বদলাতে প্রয়োজন ধৈর্য, নিয়মিত নজরদারি এবং পরিবারের সদস্যদের সময় দেওয়া। মনে রাখতে হবে, শিশুর হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার পাশাপাশি তার হাতে গল্পের বই, খেলনা তুলে দেওয়া এবং তার সঙ্গে সময় কাটানোও জরুরি।