ওষুধ আবিষ্কার গবেষণায় পাইরেক্সকে পেছনে ফেলল বাংলাদেশি গবেষকের ডনডক
ওষুধ আবিষ্কারের গবেষণায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সফটওয়্যার পাইরেক্সকে (PyRx) নির্ভুলতার পরীক্ষায় ছাড়িয়ে যাওয়ার দাবি করেছে বাংলাদেশি গবেষকের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার ‘ডনডক’ (DawnDock)।
সফটওয়্যারটির নির্মাতাদের দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড অ্যাস্টেক্স ডাইভার্স সেটে ডনডকের জিনিনা (GNINA) ইঞ্জিনের ডকিং নির্ভুলতা ৮০ দশমিক ৫ শতাংশ। একই পরীক্ষায় পাইরেক্সে ব্যবহৃত অটোডক ভিনা ইঞ্জিনের নির্ভুলতা পাওয়া গেছে ৫২ দশমিক ৪ শতাংশ।
ডনডক তৈরি করেছেন বাংলাদেশি গবেষক এসকে ফয়সাল আহমেদ। তিনি দেশীয় প্রতিষ্ঠান ডন অব বায়োইনফরমেটিকস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
ওষুধ আবিষ্কারের প্রাথমিক গবেষণার বিভিন্ন ধাপ সহজ করতে সফটওয়্যারটিতে পাঁচটির বেশি ডকিং ইঞ্জিন যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রোটিন প্রস্তুত করা, রাসায়নিক অণুর সঙ্গে প্রোটিনের সম্ভাব্য সংযুক্তি বিশ্লেষণ এবং সম্ভাব্য ওষুধের কার্যকারিতা যাচাইয়ের প্রাথমিক কাজ করা যায়।
যেভাবে কাজ করবে ডনডক
নতুন ওষুধ আবিষ্কারের গবেষণায় প্রথমেই খুঁজে দেখা হয়, কোনো রোগের জন্য দায়ী প্রোটিনের সঙ্গে কোন রাসায়নিক অণু যুক্ত হতে পারে। এ জন্য কম্পিউটারের মাধ্যমে প্রোটিন ও রাসায়নিক অণুর সম্ভাব্য সংযুক্তির ধরন বিশ্লেষণ করা হয়। বিজ্ঞানের এ পদ্ধতিকে বলা হয় মলিকিউলার ডকিং।
এ পদ্ধতিতে পরীক্ষাগারে সরাসরি রাসায়নিক উপাদান পরীক্ষা করার আগেই সম্ভাব্য কার্যকর অণু শনাক্ত করা সম্ভব। ফলে গবেষণার সময় ও ব্যয় কমানোর সুযোগ তৈরি হয়। ডনডকের মাধ্যমে এ প্রক্রিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ একই প্ল্যাটফর্মে সম্পন্ন করা যাবে বলে জানিয়েছেন নির্মাতারা।
নির্ভুলতা ও স্বয়ংক্রিয়তায় এগিয়ে থাকবে
ডনডকের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন নিউরাল নেটওয়ার্কভিত্তিক জিনিনা ইঞ্জিন। নির্মাতাদের দাবি, অ্যাস্টেক্স ডাইভার্স সেটে এই ইঞ্জিনের ডকিং নির্ভুলতা ৮০ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, পাইরেক্সে বহুল ব্যবহৃত অটোডক ভিনা ইঞ্জিনের নির্ভুলতা ৫২ দশমিক ৪ শতাংশ।
প্রোটিনের যে নির্দিষ্ট স্থানে কোনো রাসায়নিক অণু যুক্ত হতে পারে, সেটিকে বলা হয় বাইন্ডিং পকেট। মলিকিউলার ডকিংয়ের ক্ষেত্রে এই স্থান সঠিকভাবে শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডনডকের নির্মাতাদের দাবি, তাঁদের সফটওয়্যার ৯৮ দশমিক ৮ শতাংশ ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সঠিক বাইন্ডিং পকেট শনাক্ত করতে পারে। প্রচলিত পাইরেক্স সফটওয়্যারে অনেক ক্ষেত্রে ব্যবহারকারীকে নিজেই প্রোটিনের নির্দিষ্ট অংশ বা গ্রিড বক্স নির্বাচন করতে হয়।
এ ছাড়া পাইরেক্সে প্রোটিন প্রস্তুতি ও ডকিংয়ের ফলাফল বিশ্লেষণের জন্য অনেক ক্ষেত্রে পৃথক সফটওয়্যারের সহায়তা নিতে হয়। ডনডকে এসব কাজ একই প্ল্যাটফর্মে করার সুবিধা রয়েছে। ডকিংয়ের পর প্রোটিন ও রাসায়নিক অণুর মধ্যে সাত ধরনের রাসায়নিক মিথস্ক্রিয়াও বিশ্লেষণ করা যায় সফটওয়্যারটিতে।
দেশীয় ঔষধি উদ্ভিদ নিয়ে গবেষণায় নতুন সম্ভাবনা
ডনডক তৈরির সঙ্গে যুক্ত গবেষক দল এর আগে বাংলাদেশের ঔষধি উদ্ভিদের রাসায়নিক উপাদান নিয়ে ‘বাংলাদেশ মেডিসিনাল প্ল্যান্টস ফাইটোকেমিক্যালস ডেটাবেজ’ (রিএমপিপিডি) তৈরি করেছে। ডন অব বায়োইনফরমেটিকস লিমিটেডের উদ্যোগে তৈরি এ ডেটাবেজে দেশের সাত শতাধিক ঔষধি উদ্ভিদের প্রায় ৬৩ হাজার ৯০০টি ফাইটোকেমিক্যাল বা রাসায়নিক উপাদানের তথ্য সংরক্ষিত রয়েছে।
গবেষকেরা ডেটাবেজে থাকা এসব রাসায়নিক উপাদান ডনডকের মাধ্যমে বিশ্লেষণ করতে পারবেন। কোনো ঔষধি উদ্ভিদের উপাদান ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের জন্য দায়ী প্রোটিনের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, তা কম্পিউটারের মাধ্যমে প্রাথমিকভাবে যাচাই করা যাবে। এর ফলে দেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে নতুন ওষুধ আবিষ্কারের গবেষণায় সম্ভাবনার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে।
ডনডকের নির্মাতা ও ডন অব বায়োইনফরমেটিকস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসকে ফয়সাল আহমেদ বলেন, ‘বিজ্ঞান কোনো নির্দিষ্ট দেশ বা অভিজাত গবেষণাগারের চার দেয়ালে বন্দী থাকতে পারে না। এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা। আমরা চেয়েছি, দেশের যেকোনো প্রান্তের একজন সাধারণ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীও যেন নিজের কম্পিউটারে বসে আন্তর্জাতিক মানের ওষুধ আবিষ্কারবিষয়ক গবেষণার প্রাথমিক কাজ করতে পারেন। সেই স্বপ্ন থেকেই ডনডকের জন্ম। সফটওয়্যারটি সবার জন্য উন্মুক্ত করার উদ্যোগও সেই চিন্তারই অংশ।’