চীনা বিজ্ঞানীদের যুগান্তকরী আবিষ্কারে টাক মাথায় গজাবে চুল, মিলল বড় সফলতা
বিশ্বজুড়ে ১.৫ বিলিয়ন মানুষ টাক মাথা নিয়ে সমস্যায় ভুগছেন। জিনগত সমস্যা, অভ্যাসের পরিবর্তন, কিংবা আবহাওয়াজনিত কারণে চুল হারিয়ে অনেকেই টাক হয়ে বসে আছেন। তাদের জন্য এবার বড় সুসংবাদ আনল চীনা বিজ্ঞানীরা। টাক পড়া বা চুলের ঘনত্ব কমে যাওয়ার সমস্যা সমাধানে নতুন প্রযুক্তির চিরুনি তৈরি করেছেন তারা।
‘ডিট্যাঙ্গল’ নামের এই ইলেকট্রনিক চিরুনি ব্যবহার করে চুলের ফলিকল বা গোড়ায় বৈদ্যুতিক উদ্দীপনা দেওয়া সম্ভব। গবেষকদের দাবি, প্রচলিত চিকিৎসার তুলনায় চুল পুনরায় গজানোর ক্ষেত্রে এটি বেশি কার্যকর হতে পারে। তবে এখন পর্যন্ত প্রযুক্তিটি শুধু ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছে। মানুষের ক্ষেত্রে এর কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।
চীনের বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তাদের দাবি, পুরুষদের মধ্যে দেখা যাওয়া বংশগত টাক পড়ার সমস্যা বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার চিকিৎসায় ভবিষ্যতে এটি কার্যকর হতে পারে।
চলতি মাসে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘নেচার কমিউনিকেশনস’-এ প্রকাশিত এক গবেষণায় নতুন এই চিরুনির কার্যপদ্ধতি তুলে ধরা হয়েছে। গবেষণার শিরোনাম ‘কম্বিং-ট্রিগার্ড ইলেকট্রোস্টিমুলেশন সিঙ্ক্রোনাইজিং ডিপ ডেলিভারি ফর র্যাপিড হেয়ার রিগ্রোথ ইন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া’।
গবেষণায় দেখা গেছে, চিরুনিটির দাঁতের সঙ্গে যুক্ত বিশেষ ইলেকট্রোড থেকে বৈদ্যুতিক স্পন্দন তৈরি হয়। এতে চুলের ফলিকল বা গোড়ার অংশে বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি হয়। পাশাপাশি এতে ওষুধ সরবরাহের বিশেষ ব্যবস্থাও রয়েছে। ফলে চুলের গোড়ায় সরাসরি প্রয়োজনীয় উপাদান পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়।
গবেষকদের মতে, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ায় আক্রান্ত ইঁদুরের ওপর পরীক্ষায় প্রচলিত মিনোক্সিডিল চিকিৎসার তুলনায় ডিট্যাঙ্গল চিরুনি বেশি কার্যকারিতা দেখিয়েছে। এক মাসের পরীক্ষায় প্রচলিত চিকিৎসায় চুল পুনরায় গজানোর কার্যকারিতা যেখানে প্রায় ৭০ শতাংশ ছিল, সেখানে নতুন প্রযুক্তিতে তা প্রায় ১০০ শতাংশের কাছাকাছি পৌঁছায়।
পুরুষদের মধ্যে বংশগত টাক পড়ার সমস্যা বেশ প্রচলিত। জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রায় ৮০ শতাংশ পুরুষ এ সমস্যায় আক্রান্ত হতে পারেন। চুল পড়ার কারণে অনেকের মানসিক স্বাস্থ্যে ও জীবনযাত্রার মানেও নেতিবাচক প্রভাব পড়ে।
বর্তমানে চুল পড়া কমাতে মিনোক্সিডিল ও ফিনাস্টেরাইডের মতো ওষুধ ব্যবহার করা হয়। মিনোক্সিডিল চুল পড়ার গতি কমানোর পাশাপাশি নতুন চুল গজাতেও সহায়তা করতে পারে। তবে এর ফল পেতে অনেক ক্ষেত্রে এক বছর পর্যন্ত সময় লাগে। এ ছাড়া সুফল ধরে রাখতে নিয়মিত ব্যবহার চালিয়ে যেতে হয়। ওষুধটি ব্যবহারে মাথার ত্বকে জ্বালাপোড়া হতে পারে। কিছু ব্যবহারকারী মাথাব্যথার সমস্যার কথাও জানিয়েছেন।
অন্যদিকে, ফিনাস্টেরাইড প্রাথমিক পর্যায়ের টাক পড়ার চিকিৎসায় কার্যকর বলে প্রমাণিত হয়েছে। তবে এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যৌন অক্ষমতা ও বিষণ্নতা।
এ ছাড়া চুল প্রতিস্থাপন বা হেয়ার ট্রান্সপ্লান্টও বর্তমানে বেশ জনপ্রিয়। এ পদ্ধতিতে মাথার যেসব অংশে চুল পড়ার প্রবণতা কম, সেখান থেকে চুলের ফলিকল নিয়ে টাক পড়া স্থানে প্রতিস্থাপন করা হয়। তবে এটি ব্যয়বহুল ও অস্ত্রোপচারনির্ভর চিকিৎসা। এতে ব্যথা ও অন্যান্য শারীরিক জটিলতার ঝুঁকিও রয়েছে।
তবে নতুন এই বৈদ্যুতিক চিরুনি নিয়ে এখনই আশাবাদী হওয়ার সুযোগ সীমিত। ইঁদুরের ওপর পরীক্ষা মানুষের ক্ষেত্রে চিকিৎসাটির কার্যকারিতার একটি প্রাথমিক ধারণা দিতে পারে। কিন্তু মানুষের টাক পড়ার চিকিৎসায় এটি কতটা নিরাপদ ও কার্যকর হবে, তা এখনো প্রমাণিত নয়।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট