২৫ জুলাই ২০২৬, ০৯:৪৮

ব্যর্থতার দুই মাস পর স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযান সফলভাবে উড্ডয়ন

স্টারশিপ মহাকাশযান  © এপি

দুই মাস আগে পরীক্ষামূলক উড্ডয়নের পর বিস্ফোরণের ঘটনায় ধাক্কা খাওয়ার পর এবার সফলভাবে বিশালাকৃতির স্টারশিপ মহাকাশযানের ১৩তম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স এটি উড্ডয়ন করেছে। 

শুক্রবার (২৪ জুলাই) রকেটটি উৎক্ষেপণ করা হয়।

রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, পরীক্ষামূলক এই উড্ডয়নের মাধ্যমে স্পেসএক্স সফলভাবে র‍্যাপ্টর ইঞ্জিনের পুনরায় চালু (রিস্টার্ট) করার সক্ষমতা যাচাই করেছে। পাশাপাশি প্রথমবারের মতো স্টারশিপের পেলোড বে থেকে ২০টি পরবর্তী প্রজন্মের স্টারলিংক ভি৩ (Starlink V3) স্যাটেলাইট মোতায়েন করা হয়েছে।

জানা যায়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই স্টারশিপ মহাকাশযান, যা স্পেসএক্সের তৃতীয় প্রজন্মের (V3) স্টারশিপ ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

উড্ডয়ন শেষে স্পেসএক্স তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানায়, ‘জলে অবতরণ নিশ্চিত! স্টারশিপের ১৩তম ফ্লাইট পরীক্ষার জন্য পুরো স্পেসএক্স টিমকে অভিনন্দন।’

তবে বিচ্ছিন্ন হওয়ার প্রায় ২০ মিনিট পর পরিকল্পনা অনুযায়ী বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় পরীক্ষামূলকভাবে মোতায়েন করা স্টারলিংক ভি৩ স্যাটেলাইটগুলো পুড়ে ধ্বংস হয়ে যায়।

এবারের পরীক্ষায় সুপার হেভি বুস্টারকে মেকাজিলা (Mechazilla) লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুর মাধ্যমে ধরার (ক্যাচ) কোনো চেষ্টা করেনি স্পেসএক্স। স্টারশিপ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর বুস্টারটি পরিকল্পনা অনুযায়ী মেক্সিকো উপসাগরে স্প্ল্যাশডাউন (জলে অবতরণ) করে।

এর আগে গত ২২ মে অনুষ্ঠিত ১২তম পরীক্ষামূলক উড্ডয়নে স্পেসএক্সের তৃতীয় প্রজন্মের প্রথম স্টারশিপ V3 (S39) ব্যবহার করা হয়েছিল। সেই পরীক্ষায় মহাকাশযানটি অবতরণের পরপরই বিস্ফোরিত হয়। পরে স্পেসএক্স জানায়, ওই উড্ডয়নে চিহ্নিত ত্রুটিগুলো বিশ্লেষণ করে সফটওয়্যারসহ বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়ন সম্পন্ন করা হয়েছে, যার ফলেই সর্বশেষ পরীক্ষাটি সফল হয়েছে।

স্পেসএক্সের ভাষ্য অনুযায়ী, স্টারশিপকে একটি সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য মহাকাশ পরিবহন ব্যবস্থা হিসেবে তৈরি করা হচ্ছে। এর বিভিন্ন সংস্করণ নিম্ন-পৃথিবী কক্ষপথে মানববাহী অভিযান, স্যাটেলাইট উৎক্ষেপণ এবং ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহসহ গভীর মহাকাশ অভিযানে ব্যবহার করা হবে। স্টারশিপ এবং সুপার হেভি—উভয় অংশই পুনর্ব্যবহারযোগ্য এবং উল্লম্বভাবে অবতরণে সক্ষম।